কর্মজীবী নারীরা কীভাবে ইসলামের পর্দা মেনে চলবেন?
ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যম, প্রশাসন, ব্যবসাসহ বিভিন্ন পেশায় কাজ করছেন নারীরা। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। তবে কর্মজীবনে ব্যস্ততার মধ্যেও একজন মুসলিম নারীর জন্য ইসলামের শালীনতা ও পর্দার বিধান মেনে চলা গুরুত্বপূর্ণ। কর্মস্থলে পুরুষ সহকর্মী, যাতায়াত, পোশাক কিংবা কথাবার্তা, বিভিন্ন ক্ষেত্রে কীভাবে পর্দা বজায় রাখা যায়, সে বিষয়ে ইসলামে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা।
পবিত্র কোরআনে মহান আল্লাহ মুমিন নারীদের দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে এবং সৌন্দর্য প্রকাশ না করতে নির্দেশ দিয়েছেন।
আল্লাহ বলেন, ‘আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তাদের ওড়না বক্ষদেশের ওপর টেনে দেয়।’ (সুরা আন-নূর, আয়াত: ৩১)
এ আয়াত থেকে বোঝা যায়, নারীদের পর্দা শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়; দৃষ্টি সংযত রাখা, শালীনতা বজায় রাখা এবং সৌন্দর্য প্রদর্শন থেকে বিরত থাকাও এর অন্তর্ভুক্ত।
পোশাকে থাকতে হবে শালীনতা
কর্মক্ষেত্রে নারীদের পোশাক এমন হওয়া উচিত, যাতে শরীরের আবৃত রাখার অংশ যথাযথভাবে ঢাকা থাকে এবং পোশাক স্বচ্ছ বা অতিরিক্ত আঁটসাঁট না হয়। হিজাব বা ওড়না এমনভাবে পরতে হবে, যাতে মাথা, চুল, গলা ও বুক যথাযথভাবে আবৃত থাকে। পাশাপাশি পোশাকে অশালীনতা ও দৃষ্টি আকর্ষণের প্রবণতা পরিহার করা জরুরি।
পবিত্র কোরআনের সুরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ মুমিন নারীদের নিজেদের ওপর চাদর টেনে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আয়াতটিতে বাইরের পোশাকে শালীনতা ও মর্যাদা রক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে।
পুরুষ সহকর্মীদের সঙ্গে আচরণে সতর্কতা
কর্মক্ষেত্রে নারী-পুরুষের একসঙ্গে কাজ করা অনেক পেশায় স্বাভাবিক বিষয়। ইসলাম প্রয়োজনীয় কাজ ও যোগাযোগ নিষিদ্ধ করেনি। তবে এ ক্ষেত্রে শালীনতা, সংযম ও পেশাগত সীমারেখা বজায় রাখা জরুরি।
প্রয়োজনীয় কথাবার্তা বলা, কাজের বিষয়ে আলোচনা করা কিংবা সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক ও মার্জিত আচরণ করতে হবে। অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা, অশালীন কথাবার্তা এবং নির্জনে পরপুরুষের সঙ্গে অবস্থান করা থেকে বিরত থাকা উচিত।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে নবীজির স্ত্রীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়; আর তোমরা ন্যায়সংগত কথা বলো।’ (সুরা আল-আহজাব, আয়াত: ৩২)
যদিও আয়াতটি সরাসরি নবীজির স্ত্রীদের উদ্দেশে নাজিল হয়েছে, এর মধ্যে কথাবার্তার শালীনতা রক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
কর্মজীবী নারীদের প্রতিদিন বাস, ট্রেন কিংবা অন্যান্য গণপরিবহনে যাতায়াত করতে হয়। এ সময় শালীন পোশাক পরা, অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ থেকে বিরত থাকা এবং নিজের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। সম্ভব হলে নিরাপদ যাতায়াতব্যবস্থা বেছে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাও গুরুত্বপূর্ণ।
কর্মক্ষেত্রের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উপস্থিতি রয়েছে। ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা বিভিন্ন ধরনের পোস্ট প্রকাশের ক্ষেত্রেও ইসলামের শালীনতার শিক্ষা মনে রাখা উচিত। অনলাইনে এমন কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকা ভালো, যা পর্দার বিধানের পরিপন্থী।
শুধু নারীদের নয়, পুরুষদেরও দায়িত্ব রয়েছে
ইসলামে পর্দার নির্দেশনা শুধু নারীদের জন্য নয়। পবিত্র কোরআনে নারীদের পর্দার নির্দেশ দেওয়ার আগেই পুরুষদের দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানের হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আল্লাহ বলেন, ‘মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে।’ (সুরা আন-নূর, আয়াত: ৩০)
তাই কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদেরও নারীদের প্রতি সম্মানজনক আচরণ করা, দৃষ্টি সংযত রাখা এবং শালীন পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখা প্রয়োজন।
কর্মজীবন ও পর্দা একসঙ্গে বজায় রাখা সম্ভব
ইসলামের দৃষ্টিতে পর্দা একজন মুসলিম নারীর শালীনতা, আত্মমর্যাদা ও ধর্মীয় অনুশাসনের অংশ। কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি পোশাক, আচরণ, দৃষ্টি ও কথাবার্তায় সংযম বজায় রাখার মাধ্যমে একজন নারী ইসলামের নির্দেশনা অনুসরণ করতে পারেন।
তবে পর্দার বিধান পালনের ক্ষেত্রে শুধু বাহ্যিক পোশাক নয়, বরং ব্যক্তিগত চরিত্র, নৈতিকতা ও আল্লাহভীতিকেও গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সততা ও দক্ষতার সঙ্গে পালন করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বজায় রাখাই একজন মুসলিম নারীর জন্য গুরুত্বপূর্ণ।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: