• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২০২৭ সালের হজে বাংলাদেশিদের জন্য সুখবর!

প্রকাশিত: ১১:১৬, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৮, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
২০২৭ সালের হজে বাংলাদেশিদের জন্য সুখবর!

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজে বাংলাদেশ থেকে আরও ৫ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবের নতুন এই বরাদ্দের ফলে আগামী বছর বাংলাদেশের মোট হজ কোটা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব।

সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে অতিরিক্ত কোটা বরাদ্দের বিষয়টি জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।

চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের মন্ত্রীর মধ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত হজ কোটা বরাদ্দের অনুরোধ জানানো হলে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা অনুমোদন করে। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

এর আগে নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনে আগ্রহীদের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকার সৌদি আরবের কাছে অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা চেয়ে আবেদন করেছিল।

ধর্মমন্ত্রী জানান, হজ কোটা বাড়ানোর ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতা একটি বড় সীমাবদ্ধতা হিসেবে আলোচনায় আসে। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে ব্যর্থ হলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

সৌদি মন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

অতিরিক্ত কোটা বরাদ্দ এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করছে।

এদিকে, ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আগামী বছরের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হওয়ার কথা ৮ এপ্রিল থেকে।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: