• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন এক নগরীতে জন্মেছিলেন ইমাম বুখারি

প্রকাশিত: ১৫:১২, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন এক নগরীতে জন্মেছিলেন ইমাম বুখারি

ছবি: সংগৃহীত

মধ্য এশিয়ার প্রাচীন এক নগরী বুখারা। দুই হাজার বছরেরও বেশি সময়ের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই শহর একসময় ছিল ইসলামী জ্ঞান-বিজ্ঞান, ধর্মতত্ত্ব ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রধান কেন্দ্র। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, গ্রন্থাগার ও জ্ঞানী-গুণীদের পদচারণায় মুখর ছিল এখানকার জনপদ। মুসলিম বিশ্বের ইতিহাসে বিশেষ মর্যাদার অধিকারী এই নগরী আজও তার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে।

বর্তমান উজবেকিস্তানে অবস্থিত বুখারা প্রাচীন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শহরটির পরিচিতি গড়ে ওঠে। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসতেন শিক্ষার্থী, আলেম, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষ। ফলে ধীরে ধীরে বুখারা পরিণত হয় জ্ঞানচর্চা ও সভ্যতার মিলনস্থলে।

ইসলামী জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র
অষ্টম শতাব্দীতে ইসলামী শাসনের অধীনে আসার পর বুখারার গুরুত্ব আরও বাড়তে থাকে। বিশেষ করে নবম থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে শহরটি ইসলামী ধর্মতত্ত্ব, হাদিস, ফিকহ এবং সুফিবাদের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, একসময় বুখারায় দুই শতাধিক মসজিদ ও শতাধিক মাদ্রাসা ছিল। এসব প্রতিষ্ঠানে কোরআন, হাদিস, ইসলামি আইনশাস্ত্র ও ধর্মতত্ত্বের পাশাপাশি বিভিন্ন জ্ঞানশাস্ত্রের চর্চা হতো। দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন জ্ঞান অর্জনের জন্য।
ইমাম বুখারির স্মৃতিবিজড়িত জনপদ

মুসলিম বিশ্বের কাছে বুখারার পরিচিতির অন্যতম কারণ হাদিসশাস্ত্রের শ্রেষ্ঠ মনীষী ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি (রহ.)। ৮১০ খ্রিষ্টাব্দে এই অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। হাদিস সংগ্রহ, যাচাই ও সংকলনে তাঁর অসামান্য অবদান রয়েছে।

তার সংকলিত ‘সহিহ বুখারি’ মুসলিম বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগ্রন্থগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত। হাদিসশাস্ত্রে তার গবেষণা ও নিষ্ঠা আজও মুসলিম বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের অনুপ্রেরণা জোগায়।

ইসলামী আধ্যাত্মিকতা ও সুফিবাদের ইতিহাসেও বুখারার বিশেষ স্থান রয়েছে। এ অঞ্চলে গড়ে উঠেছিল আধ্যাত্মিক সাধনা, আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষার সমৃদ্ধ ধারা।

বুখারার সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে খাজা বাহাউদ্দিন নকশবন্দ (রহ.)-এর নাম। তিনি নকশবন্দি তরিকার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন পরবর্তী সময়ে মধ্য এশিয়া ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
স্থাপত্যে ফুটে উঠেছে ইসলামী সভ্যতার সৌন্দর্য

বুখারার ঐতিহাসিক পরিচয়ের আরেকটি বড় অংশ এর প্রাচীন স্থাপত্য। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে শতাব্দীপ্রাচীন মসজিদ, মাদ্রাসা, মিনার ও সমাধিসৌধ।

দশম শতাব্দীতে নির্মিত ইসমাইল সামানির সমাধিসৌধ মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। ইটের সূক্ষ্ম কারুকাজ ও জ্যামিতিক নকশা স্থাপনাটিকে দিয়েছে স্বতন্ত্র সৌন্দর্য।

এ ছাড়া একাদশ শতাব্দীর বিখ্যাত কালিয়ন মিনার, পোই-কালিয়ন মসজিদ ও মাদ্রাসা, লাবি-খাউজ স্থাপত্যসমষ্টি এবং উলুগবেক মাদ্রাসা বুখারার ঐতিহাসিক গৌরবের পরিচয় বহন করছে। এসব স্থাপনায় দেখা যায় মধ্যযুগীয় মুসলিম স্থপতিদের নির্মাণকৌশল, নান্দনিকতা ও শিল্পবোধের অসাধারণ সমন্বয়।

বুখারার ইতিহাসে যেমন জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটেছে, তেমনি এসেছে যুদ্ধ, আক্রমণ ও রাজনৈতিক পরিবর্তন। ১২২০ সালে চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনীর আক্রমণে শহরটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন শাসক ও রাজবংশের অধীনে শহরটির পুনর্গঠন ও বিকাশ ঘটে।

বিশেষ করে ষোড়শ শতাব্দীতে শেইবানিদ শাসনামলে বুখারার নগর পরিকল্পনা ও স্থাপত্যে নতুন সমৃদ্ধি আসে। নির্মিত হয় বহু মসজিদ, মাদ্রাসা ও বাণিজ্যিক স্থাপনা।

এতো পরিবর্তনের পরও শহরটি তার ঐতিহাসিক নগর কাঠামোর বড় একটি অংশ ধরে রেখেছে। এ কারণেই ১৯৯৩ সালে ইউনেস্কো বুখারার ঐতিহাসিক কেন্দ্রকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বুখারা
বর্তমানে বুখারা উজবেকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন ইসলামী সভ্যতার প্রাচীন নিদর্শন দেখতে। একই সঙ্গে শহরটি মুসলিম বিশ্বের ইতিহাস, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত।

একসময় যে নগরীতে জ্ঞান অর্জনের জন্য ছুটে আসতেন বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা, সেই বুখারা আজও ইতিহাসপ্রেমী ও মুসলিম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের নাম। প্রাচীন মসজিদ, মাদ্রাসা ও স্থাপত্যের প্রতিটি ইট যেনো মনে করিয়ে দেয় ইসলামী সভ্যতার জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক গৌরবময় অধ্যায়।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: