বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত
ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ ও প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর তার ঢাকায় আসার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।
তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শে মুফতি তাকি উসমানির সফর আপাতত স্থগিত করা হয়েছে।
এর আগে আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি তাকি উসমানির উপস্থিত থাকার কথা ছিল। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম ও ‘মাআরিফুল কোরআন’ গ্রন্থের রচয়িতা মুফতি মুহাম্মদ শফি উসমানির ছেলে। হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও ইসলামি অর্থনীতিতে বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
কর্মজীবনে তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি ছিলেন।
কোরআনের তাফসির, ইসলামি আইন, অর্থনীতি, রাজনীতি ও তাসাউফসহ বিভিন্ন বিষয়ে তার বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এসব গ্রন্থের বেশ কয়েকটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: