• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মসজিদে কিবলাতাইন

যে মসজিদে পরিবর্তন হয়েছিলো মুসলমানদের কিবলা

প্রকাশিত: ১০:২৩, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যে মসজিদে পরিবর্তন হয়েছিলো মুসলমানদের কিবলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা। এই শহরের অলিগলিতে ছড়িয়ে রয়েছে ইসলামের ইতিহাসের অসংখ্য স্মৃতিচিহ্ন। এখানেই অবস্থিত ঐতিহাসিক মসজিদে কিবলাতাইন। মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদার অধিকারী এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এখানেই কিবলা পরিবর্তনের ঐতিহাসিক স্মৃতি বহন করে আসছে মুসলিম উম্মাহ।

ইসলামের শুরুর দিকে মুসলমানরা নামাজ আদায় করতেন বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে। পরে মহান আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে পবিত্র কাবা শরিফের দিকে মুখ করার বিধান দেওয়া হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মদিনার এই মসজিদেই নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তনের নির্দেশ পাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার স্মৃতি থেকেই মসজিদটির নাম হয় ‘মসজিদে কিবলাতাইন’। আরবি ‘কিবলাতাইন’ শব্দের অর্থ দুই কিবলা।

যেভাবে পরিবর্তন হয়েছি কিবলা
হিজরতের পর মদিনায় অবস্থানকালে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবিরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এভাবে প্রায় ১৬ বা ১৭ মাস নামাজ আদায়ের পর কিবলা পরিবর্তনের নির্দেশ আসে।

পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৪৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি আকাশের দিকে আপনার বারবার মুখ ফেরানো লক্ষ্য করছি। অতএব, অবশ্যই আমি আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব, যা আপনি পছন্দ করেন। সুতরাং আপনি মসজিদুল হারামের দিকে মুখ ফেরান। আর তোমরা যেখানেই থাকো, সেদিকেই মুখ ফেরাও।’

এই আয়াত নাজিলের মাধ্যমে মুসলমানদের জন্য পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়।
নামাজের মধ্যেই কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনা

সীরাত ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, মহানবী (সা.) একদিন মদিনার বনি সালামা গোত্রের এলাকায় অবস্থান করছিলেন। সেখানে তিনি সাহাবিদের নিয়ে জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজের মধ্যেই কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। তখন মহানবী (সা.) ও তার সঙ্গে থাকা সাহাবিরা বায়তুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরে কাবা শরিফের দিকে মুখ করেন।

এই ঘটনাই মসজিদটির ঐতিহাসিক পরিচয়ের ভিত্তি। যদিও কিবলা পরিবর্তনের সময় ও ঘটনার কিছু বিবরণে ঐতিহাসিক বর্ণনাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, তবে মসজিদে কিবলাতাইন সেই ঘটনার স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত।

মসজিদটির পরিচিতি শুধু একটি স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের স্মারক হিসেবে এটি বিশেষ মর্যাদা বহন করছে।

মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে মসজিদে কিবলাতাইন অন্যতম। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের শাসনামলে ১৯৩১ সালে এর সম্প্রসারণ করা হয়। পরবর্তী সময়েও মসজিদটির উন্নয়ন ও সংস্কারকাজ হয়েছে।

বর্তমানে মসজিদটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সুন্দর ইবাদতকেন্দ্র। এর স্থাপত্যে ইসলামী ঐতিহ্যের পাশাপাশি আধুনিক নির্মাণশৈলীর ছাপ রয়েছে। দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন।

মুসলিম ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক
মসজিদে কিবলাতাইন মুসলমানদের কাছে শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়; এটি ইসলামের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। কিবলা পরিবর্তনের মাধ্যমে মুসলিম উম্মাহর ইবাদতের দিক নির্ধারিত হওয়ার ইতিহাস এই মসজিদের সঙ্গে জড়িয়ে রয়েছে।
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মদিনার এই মসজিদ মুসলিমদের কাছে বিশেষ আকর্ষণ ধরে রেখেছে। ইসলামের ইতিহাস জানতে এবং নবীজির (সা.) স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখতে আগ্রহী মানুষের কাছে মসজিদে কিবলাতাইন আজও এক গুরুত্বপূর্ণ গন্তব্য।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: