মুসলিমবিশ্বে সাড়া ফেলেছে ‘মেন অব ফজর’, শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ
ফজরের নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুয়েতের একটি সামাজিক সংগঠন। ‘মেন অব ফজর’ (ফজরের মানুষ) নামের এ উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার দেশটির বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে শিশু, অভিভাবকসহ পাঁচ শতাধিক মুসল্লি ফজরের নামাজ আদায় করেছেন। ভোরের নীরবতা ভেঙে মসজিদমুখী মানুষের এই উপস্থিতি ধর্মীয় অনুরাগের পাশাপাশি নতুন প্রজন্মকে নামাজের অভ্যাসে গড়ে তোলার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আলজেরিয়ায় চলতি মাসের শুরুতে উদ্যোগটির যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মরক্কো, সিরিয়া, ফিলিস্তিনসহ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। কুয়েতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও এ উদ্যোগের কার্যক্রম পৌঁছেছে।
কুয়েতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত, উদ্যোগটি চালু করেন। এর লক্ষ্য, অভিভাবকেরা যেন সন্তানদের সঙ্গে নিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের সঙ্গে মসজিদের সম্পর্ক গড়ে তোলা এবং নামাজের প্রতি ভালোবাসা তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, মোজা মুহাম্মদ সালেম মসজিদে মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। পাঁচ শতাধিক মানুষ মসজিদের ভেতর ও বাইরের প্রাঙ্গণ ভরে ফেলেন। এতে স্থানীয় মানুষের মধ্যে উদ্যোগটির প্রতি ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন ঘটেছে।
শুক্রবারের জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। পরিবার ও শিশুদের অংশগ্রহণে ফজরের নামাজের আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। নতুন প্রজন্মকে মসজিদ ও জামাতের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রত্যয়ে একত্র হন নানা বয়সী মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এতে অংশ নেন।
উদ্যোক্তা বু জাররাহ বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য শুধু ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ানো নয়; বরং এর মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার বার্তা দেওয়া হচ্ছে, যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং মসজিদে যাওয়াকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে।
আলজেরিয়ার এক শিক্ষকের হাত ধরে ‘মেন অব ফজর’ উদ্যোগের সূচনা। শিশুদের মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করতে তিনি এ কার্যক্রম শুরু করেন। শিশুদের অনুপ্রেরণা দিতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে পারলে তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়া এ উদ্যোগ এখন ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে পরিবারগুলোর একত্র হওয়ার একটি সামাজিক আন্দোলনে রূপ নিচ্ছে। এর মধ্য দিয়ে সন্তানদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে। ভোরের আলো ফোটার আগেই মসজিদে শিশুদের এমন উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে—ইবাদতের অভ্যাস গড়ে তোলার সবচেয়ে সুন্দর সময় শৈশব, আর সেই পথচলায় পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: কুয়েত টাইমস
বিভি/এজেড













মন্তব্য করুন: