৫ দিন পর সেই চিনির মিলে উৎপাদন শুরু
পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার (৯ মার্চ) থেকে চিনি উৎপাদনে যাচ্ছে চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সকাল থেকে উৎপাদনের প্রস্তুতি চলছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উৎপাদন শুরুর আগে কারখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে এখন। এরইমধ্যে কারখানায় আগে উৎপাদিত চিনি বাজারে ছাড়া শুরু হয়েছে।
এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন জানান, আজ থেকে চিনি উৎপাদন শুরু হওয়ার লক্ষ্যে কাজ চলছে। তবে আগে যে চিনির মজুত ছিল, তা সরবরাহ অব্যাহত রয়েছে। উৎপাদন শুরুর আগে কারখানার গুদাম থেকে আগুনে পুড়ে নষ্ট হওয়া চিনি সরিয়ে নেওয়া হচ্ছে।
গত সোমবার বিকালে কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এ কারখানার গুদামে আগুন লাগে। বৃহস্পতিবার বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানায় পাঁচটি গুদাম আছে; এর মধ্যে ১ নম্বর গুদামে আগুন লাগে। সেই গুদামে ১ লাখ ২০ হাজার টন অপরিশোধিত চিনি ছিল। তবে আগুনে অন্য চারটি গুদামের তেমন ক্ষতি হয়নি।
এস আলম গ্রুপের ব্যবস্থাপক আশীষ কুমার নাথ জানান, চিনিকলে প্রতিদিন ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টন চিনি উৎপাদিত হয়। আগুনের কারণে এখন পূর্ণাঙ্গ সক্ষমতায় চিনি উৎপাদন করা সম্ভব হবে না। আপাতত দৈনিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টন চিনি উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গ সক্ষমতায় চিনি উৎপাদন করতে আরও এক সপ্তাহ সময় লাগবে।
এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে ৭সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে।
বিভি/টিটি













মন্তব্য করুন: