মেঘনায় গোসলে নেমে জমজ দুই ভাই নিহত, নিখোঁজ ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীর মধ্যে জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো—উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫)। নিখোঁজ রয়েছে একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। পরে তারা সহপাঠী আদিয়ান ফারিজকে সঙ্গে নিয়ে চারজন ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতে তিনজন তলিয়ে যেতে থাকে। এ সময় আদিয়ান ফারিজ কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একপর্যায়ে জমজ দুই ভাই আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আবিরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একই পরিবারের জমজ দুই কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: