• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে ‘না’ বলতে শিখতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশিত: ২০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে ‘না’ বলতে শিখতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ও নেতিবাচক নানা বিষয় সামনে আসবে উল্লেখ করে নবীন শিক্ষার্থীদের খারাপ জিনিসকে ‘না’ বলতে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে নবীন বরণ-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় বৃহত্তর পরিসরে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়। আগামী দিনের ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ সময়টিকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক অনেক বিষয় থাকে, আবার নেতিবাচক অনেক বিষয়ও সামনে আসে। কোনটি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিজেদের নিতে হবে। খারাপ জিনিসকে ‘না’ বলতে শিখতে হবে এবং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিশ্রম করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পরিবারের কাছ থেকে আলাদা থাকার কারণে ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। এ ক্ষেত্রে কোন বিষয়কে ‘হ্যাঁ’ এবং কোন বিষয়কে ‘না’ বলতে হবে, সেটি শিক্ষার্থীদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নিজের অভিজ্ঞতা এবং আশপাশের মানুষের অভিজ্ঞতার আলোকে তিনি নবীন শিক্ষার্থীদের এসব পরামর্শ দেন।

কলেজের উন্নয়ন প্রসঙ্গে যা বললেন ইশরাক

কবি নজরুল সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে জড়িত। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করা তাঁর বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, কলেজে একটি নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। দ্রুততম সময়ে ভবনটির নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি বারবার তাগাদা দিয়েছেন। কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।

কবি নজরুল সরকারি কলেজে আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথা জানিয়ে ইশরাক বলেন, সরকারি বাজেট বরাদ্দের মাধ্যমে প্রতিষ্ঠানটির মান উন্নয়নে কাজ করবেন। বিজ্ঞান ল্যাবরেটরি ও কম্পিউটার-সংক্রান্ত বিভিন্ন সুবিধা স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করবেন বলেও জানান তিনি।

কবি নজরুল সরকারি কলেজের জাতীয় রাজনীতিতে অবদানের কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের স্মৃতি ধরে রাখতে একটি চত্বর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুপারিশ করা হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে এবং এর নকশাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জাতীয় রাজনীতিতে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেই ইতিহাস আগামী দিনেও ধরে রাখতে হবে। রাষ্ট্র নির্মাণ ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কবি নজরুল সরকারি কলেজ অন্তর্ভুক্ত হওয়ায় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান ইশরাক হোসেন। এ দাবির দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে কলেজের শিক্ষার্থীদের জোরালো ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি যেমন কথা দিয়েছেন, তেমন কাজ করেছেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, বাবা-মা অনেক কষ্ট ও আশা নিয়ে সন্তানদের পড়াশোনার জন্য পাঠান। শিক্ষার্থীরা যেন তাঁদের বাবা-মায়ের প্রত্যাশা অনুযায়ী নিজেদের জীবনের উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত