রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা
পার্বত্য অঞ্চলের চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ: মামুনুর রশীদ মামুন
‘পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় এ তাগিদ দেওয়া হয়।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এছাড়াও সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতি, জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং উন্নয়ন সহযোগী সংস্থা বা এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি, নিয়মিত টিকাদান কর্মসূচির পরিধি সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া, ম্যালেরিয়া শনাক্তকরণে আরডিটি পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদের সর্বোচ্চ মানসম্মত সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, ‘পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। চিকিৎসা কোনো সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও কার্যকর করার পাশাপাশি ম্যালেরিয়া ও মাতৃমৃত্যু রোধে আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা পরিষদ সবসময় আপনাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।’
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের সঠিক সমন্বয় ও বাস্তবায়নের মাধ্যমেই রাঙ্গামাটি জেলার মানুষের জন্য একটি উন্নত, সহজলভ্য ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব। আগামী দিনে এই লক্ষ্য পূরণে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিভি/এআই













মন্তব্য করুন: