• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, আটক ২

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, ভূঞাপুর থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন রাজিব। ভোররাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ট্রাকটি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়।

ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: