• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে হত্যার অভিযোগ!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫১, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে হত্যার অভিযোগ!

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত নজরুল ইসলাম খানের বড় মেয়ে রহিতা আক্তার, ছোট মেয়ে রুনা খাতুন, শামিম ওসমান, মেহেদী হাসান মাহফুজ, শাহরিয়ার রিয়াদ, তুরান হাসান, রিয়াদ মাহমুদসহ নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করা হয়নি। আগামী তিন দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

নিহত নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন বলেন, তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে তার বাবাকে বাড়ির সামনে ডেকে নেওয়া হয়। পরে তার মাথায় ইট দিয়ে আঘাত করা এবং মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

মানববন্ধন শেষে নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। এতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে নজরুল ইসলাম খানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা খাতুনও আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। মামলায় মো. তুহিন সরদার ও গোলাপী বেগমকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোলাপী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি এখনো গ্রেপ্তার হননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: