• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন’

প্রকাশিত: ২০:০৫, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০৬, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
‘ডেঙ্গু নিয়ন্ত্রণে, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন’

মেয়েদের নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশে দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। প্রকৃতির মাঝে তাঁবুতে থাকা এবং বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতি বছর এ ধরনের জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ও প্রতিকূল পরিবেশে তা সম্ভব হয়নি। দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সারাদেশে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়া গাইড, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনার, অভিভাবক এবং শিক্ষকরা এ ক্যাম্পে অংশ নিয়েছেন। আগামী সাত দিন তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করবেন।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন- বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে এবং পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্য বাস্তবায়নে গার্ল গাইডদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুরে এ কার্যক্রমে গার্ল গাইডরা নেতৃত্ব দেবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে সবুজ বাংলাদেশ বিনির্মাণে গার্ল গাইডদের ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার এ ক্যাম্পে অংশ নিচ্ছেন। প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ ক্যাম্পের মূল লক্ষ্য।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: