• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা করে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৯, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফ্যাসিস্টদের দোসররা নাশকতা করে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, কিছু কিছু জায়গায় ইতোমধ্যে ককটেল বিস্ফোরণ ও ডাকাতির ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। তবে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করা সম্ভব নয়। এ ধরনের তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বক্তব্যের আলোকে এবার দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, ফ্যাসিস্ট একবার পালিয়ে গেলে আর ফিরে আসতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তিনি যা বলেন, তা করেন না; নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই মনগড়া ও অসংলগ্ন কথা বলছেন।

সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস, এসআরবি-১০-এর ডিএডি নাজির হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ অন্যরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত