ঘর থেকে ডেকে নিয়ে প্রকাশ্য দিবালোকে যুবককে হত্যা, অতঃপর...
ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গারপুল এলাকায় প্রকাশ্য দিবালোকে নিজ বসতঘরে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত ও গলায় আঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই অন্তর (২৫) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাদ্দাম হোসেন নগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরুদ্দীনের সমন্ধি বলে জানা গেছে। হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১টার দিকে সাদ্দামকে তার নিজ বসতঘরে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে গলায় আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়। তার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে অন্তরকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, গ্রেফতারকৃত অন্তর এলাকার বখাটে, মাদকসেবী ও নারীলিপ্সু প্রকৃতির বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এক নারীকে জড়িয়ে ধরার ঘটনায় দুই দিন আগে সাদ্দাম তাকে মারধর করেছিলেন। এরই জেরে মঙ্গলবার (৬ অক্টোবর) সাদ্দামকে নিজ বসতঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিহত সাদ্দাম হোসেন নুরুদ্দীনের সমন্ধি। তিনি ওই এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। আটক অন্তরও নুরুদ্দীন গ্রুপের সদস্য এবং মাদকসেবী ও ব্যবসায়ী বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: