প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন আটক ৩
রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।
ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ককটেল নিক্ষেপের পর দুই মোটরসাইকেল আরোহী আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান।
পুলিশের তথ্য বলছে, ঘটনার সময় ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সরে যান।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: