• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সরকারের সহযোগী প্রত্যাশী, মাঠে সক্রিয় তরুণ স্বেচ্ছাসেবকেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:০৬, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্যোগ মোকাবিলায় সরকারের সহযোগী প্রত্যাশী, মাঠে সক্রিয় তরুণ স্বেচ্ছাসেবকেরা

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী ও এর তরুণ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ‘ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স’ (YVA)। দুর্যোগ প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আজ ১৩ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, মহড়া, প্রদর্শনী এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসব আয়োজনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে অংশ নিচ্ছেন প্রত্যাশীর স্বেচ্ছাসেবকেরা।

ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকিতে থাকা বাংলাদেশে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সাড়াদানের সক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষ করে দ্রুত নগরায়ণের ফলে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও জলাবদ্ধতার ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রত্যাশী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সংস্থাটি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সংগঠিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স। জাতীয় স্বেচ্ছাসেবক তথ্যব্যবস্থা (NVIS)-এর সঙ্গে যুক্ত এ নেটওয়ার্কের মাধ্যমে তরুণদের দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে। ঢাকায় এ নেটওয়ার্কের সঙ্গে প্রায় ২৩ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছেন। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁদের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রত্যাশীর ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের প্রায় ৫৫০ জন নগর স্বেচ্ছাসেবক অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, জীবন রক্ষাকারী পদক্ষেপ এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষিত তরুণদের প্রস্তুত রাখা এবং সরকারি সংস্থার সঙ্গে তাঁদের কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

ঢাকার বাইরেও ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী ও নারায়ণগঞ্জে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সরকারি ও স্থানীয় কর্মসূচিতে প্রত্যাশীর স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। পাশাপাশি সংস্থাটির কর্মএলাকাগুলোতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারে কার্যক্রম চলছে।

প্রত্যাশীর উপপরিচালক ও দুর্যোগ বিশেষজ্ঞ ড. নাসির উদ্দিন বলেন, “আমাদের মূল লক্ষ্য তরুণদের মধ্যে দায়িত্বশীল মানসিকতা গড়ে তোলা, যাতে তাঁরা নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলা, সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্যেই আমরা ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্স গড়ে তুলেছি।”

তিনি বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকেরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। দুর্যোগ মোকাবিলার পাশাপাশি কৃষি ও কৃষিভূমি সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ড. নাসির উদ্দিন আরও বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। তরুণেরা যেন বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক, পরিবেশগত ও দুর্যোগসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে অবদান রাখতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত প্রশিক্ষণ, মহড়া এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা প্রয়োজন। প্রত্যাশীর ইউথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের মতো সংগঠিত তরুণ স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়াদান এবং পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি সংস্থা, উন্নয়ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলাই এসব উদ্যোগের প্রত্যাশা।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত