• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ, এবার পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডোপ টেস্টে পজিটিভ, এবার পুলিশ কনস্টেবল বরখাস্ত

মাদকাসক্তি শনাক্তকরণ পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল মো. ওসমান গনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বরখাস্ত হওয়া ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আ. কুদ্দুছের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা পুলিশে চালক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওসমান গনির আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাঁকে নজরদারিতে রাখা হয়। এর ধারাবাহিকতায় তাঁর ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর জেলা পুলিশের সিদ্ধান্তে তাঁকে বরখাস্ত করা হয়।

এদিকে, ওসমান গনি কী ধরনের মাদক সেবন করেছেন এবং এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ডোপ টেস্টে পজিটিভ আসায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। এ কারণে যাঁদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে, তাঁদের ডোপ টেস্ট করানো হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত