• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

যৌথ প্রশিক্ষণ মহড়া উপলক্ষে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

প্রকাশিত: ১৬:১৭, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৭, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যৌথ প্রশিক্ষণ মহড়া উপলক্ষে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র (USS WARRIOR)। রবিবার (১ নভেম্বর) দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে নৌবাহিনীর কর্মকর্তারা জাহাজটির অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান।

৬৮ মিটার দীর্ঘ জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে এটি চট্টগ্রাম বন্দরে আসে। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান জাহাজটির অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে এবং দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা, পারস্পরিক পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ সক্ষমতা জোরদারের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ যৌথ প্রশিক্ষণ মহড়ায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র, মার্কিন নৌবাহিনীর পি-৮এ (P-8A) উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমোডর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশ নেবে।

মহড়ায় অংশগ্রহণকারী দুই দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ তৈরি হবে।

যৌথ প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শেষে আগামী ৫ নভেম্বর মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজটির একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত