• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ভোলায় পূর্ণাঙ্গ আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

ফয়সল বিন ইসলাম নয়ন, ভোলা

প্রকাশিত: ১৮:৪১, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভোলায় পূর্ণাঙ্গ আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

দ্বীপ জেলা ভোলার ২২ লাখ মানুষের উন্নত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আধুনিক সুযোগ-সুবিধা ও দক্ষ জনবল নিশ্চিত করে নিবিড় পরিচর্যা কেন্দ্র চালুর দাবি জানান। তাদের দাবি, মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় যেতে গিয়ে প্রায়ই ভোগান্তি ও ঝুঁকির মুখে পড়তে হয় ভোলার মানুষকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ভোলার মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, ভোলা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু হলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে। একই সঙ্গে জরুরি চিকিৎসার জন্য জেলার সাধারণ মানুষকে অন্য জেলায় ছুটতে হবে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: