• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫

প্রকাশিত: ১৩:৫৭, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মানসুরা বেগম ও বাবুল হোসেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: