• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, নেপথ্যে কারা?

সহিদুল ইসলাম, ​বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:০১, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গভীর রাতে বিআরটিসি বাসে দুর্বৃত্তদের আগুন, নেপথ্যে কারা?

বরগুনা জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটক সংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সার্ভিস শেষে বিআরটিসির বাসটি জেলা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্ক করে রাখা হয়েছিল। গভীর রাতের কোনো এক সময় সুযোগ বুঝে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই বাসের ভেতর ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে পুলিশ লাইন্সে দায়িত্বরত সদস্যরা দ্রুত ছুটে আসেন। তাদের সম্মিলিত ও তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এতে বাসের ভেতরের কিছু আসন ও অংশ ক্ষতিগ্রস্ত হলেও পুরো গাড়িটি ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পায়।

​জেলা পুলিশ লাইন্সের মতো সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টিত ও সংরক্ষিত এলাকার প্রবেশমুখে এ ধরনের নাশকতামূলক ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পার্কিং করা বিআরটিসি বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

​এদিকে নাশকতায় জড়িতদের চিহ্নিত করতে সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: