• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরু। ফাইল ছবি

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর আবার শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের আশ্বাসে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এরপর থেকে এ নৌপথে যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।

এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। পরে ওই মামলায় মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দেন তারা।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানি শর্তসাপেক্ষে মাস্টার মোশাররফ হোসেনকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পর বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর ফেরি চলাচল শুরু হলে আটকে থাকা যানবাহন পারাপারও শুরু হয়।

বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ‘আমাদের চেয়ারম্যান মহোদয় আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে আমাদের মাস্টারকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তাঁর আশ্বাসে আজকের মতো কর্মবিরতি প্রত্যাহার করেছি। অন্যথায় আগামীকাল থেকে সারা দেশে কর্মবিরতি পালন করব।’

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিভি/ইএইচ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত