৮০০ টাকা সাশ্রয়ে ব্লেজার, ক্রেতাদের ভরসা গুলিস্তানের ফুটপাত
শীত আসতেই আলমারির পুরোনো পোশাকের জায়গা নিতে শুরু করেছে নতুন ব্লেজার। আর সাধ্যের মধ্যে পছন্দের ব্লেজার কিনতে অনেকের গন্তব্য এখন রাজধানীর গুলিস্তান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পশ্চিম পাশের ফুটপাতজুড়ে সারি সারি দোকানে মিলছে নানা রং ও নকশার ব্লেজার, কোট, কটি, টাই থেকে শুরু করে পুরো স্যুট। দামও নাগালের মধ্যে। একই ধরনের ব্লেজার মার্কেটের তুলনায় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমে পাওয়া যায় বলে দাবি বিক্রেতাদের।
এখানকার ব্যবসায়ীদের একজন আশরাফুল ইসলাম। প্রায় ১৫ বছর আগে রংপুর থেকে ঢাকায় এসে ব্লেজারের দোকানে কাজ শুরু করেন। শনির আখড়ার কারখানা থেকে ব্লেজার এনে বিক্রি করেন।
আশরাফুল ইসলাম বাংলাভিশনকে জানান, তার দোকানে ৭০০ থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্লেজার ও কোট। প্রতিদিন বিক্রি হয় ৮ থেকে ১০টি। তবে শীত বাড়লে বিক্রি বেড়ে দাঁড়ায় ৩০ থেকে ৩৫টিতে।
পাশের দোকানি চাঁদপুরের মো. মাসুদও প্রায় ১০ বছর ধরে এই ফুটপাতে ব্লেজার বিক্রি করছেন। তার দাবি, শীতের মৌসুমে প্রতিদিন ২০ থেকে ৩০টি ব্লেজার ও কোট বিক্রি হয়। কখনো কখনো বিক্রির সংখ্যা ৫০ থেকে ৬০টিতেও পৌঁছায়। তার দোকানে ৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামের পোশাক রয়েছে। ব্লেজারের পাশাপাশি মিলছে কটি, প্যান্ট ও সম্পূর্ণ স্যুট। এসব পোশাকের অনেকগুলোই তাঁদের নিজস্ব কারখানায় তৈরি।
তাদের মত একই কথা জানান, জাহাঙ্গীর, হিমেল, কামরুলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী।
ব্যবসায়ীদের ভাষ্য, মিজান ও বিল্লাল নামে দুই ব্যবসায়ীর হাত ধরে ২০০৫ সালে এখানে ব্লেজার বিক্রির যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে বেড়েছে দোকানের সংখ্যা। এখন ফুটপাতজুড়ে প্রায় ৭০টি দোকানে চলছে এই ব্যবসা। এমনটাই দাবি ব্যবসায়ীদের।
ক্রেতাদেরও আগ্রহের বড় কারণ সাশ্রয়ী দাম। বেসরকারি চাকরিজীবী আরাফাত রহমান জানান, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন মার্কেটে ব্লেজার খুঁজেও তার পছন্দ হয়নি। শেষ পর্যন্ত বায়তুল মোকাররমের পাশের দোকানগুলো থেকেই পছন্দের পোশাক কিনেছেন তিনি।
সব মিলিয়ে শীতের মৌসুমে গুলিস্তানের এই ফুটপাত এখন শুধু পোশাকের বাজার নয়, স্বল্প খরচে পছন্দের ব্লেজার খুঁজে পাওয়া ক্রেতাদেরও অন্যতম ভরসা।
বিভি/মোআ/এআই













মন্তব্য করুন: