বিনামূল্যে ছানি অপারেশন: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের অনন্য অর্জন
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রমে ১০০তম সফল অস্ত্রোপচারের মাইলফলক অর্জিত হয়েছে। পার্বত্য অঞ্চলের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার এই মানবিক উদ্যোগ ঘিরে হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাইলফলক অর্জন উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে এক ছোট্ট ও আনন্দঘন উদযাপনের আয়োজন করা হয়। এতে চক্ষু বিভাগের চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা জানায়, সীমিত জনবল ও চিকিৎসা উপকরণের মধ্যেও নিয়মিতভাবে এই সেবা চালিয়ে নেওয়া হাসপাতালের চিকিৎসাসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। চিকিৎসক, নার্স ও কর্মীদের আন্তরিকতা, দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টায় ১০০টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই কার্যক্রমে চক্ষু চিকিৎসাসেবার প্রয়োজনীয় রিএজেন্ট ক্রয়ে সহযোগিতা দেওয়ায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি সার্বিক উদ্যোগ, সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য সিভিল সার্জন-কাম-তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা, আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান এবং বিশেষ অবদানের জন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. রোমেল চাকমাসহ সংশ্লিষ্ট মেডিকেল টিমকে ধন্যবাদ জানানো জানিয়েছেন রোগীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যের এই সেবা পার্বত্য এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে নতুন আশার আলো সঞ্চার করেছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভি/এআই













মন্তব্য করুন: