নির্মাণকাজ শেষের দিকে, কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চলবে কবে থেকে?
ফাইল ছবি
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। তবে নির্মাণকাজের ধীরগতির কারণে এ অংশে ট্রেন চলাচল শুরুর সময়সূচি বারবার পিছিয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হতে পারে।
প্রাথমিকভাবে ২০২৭ সালের ১ জানুয়ারি এ অংশ চালুর পরিকল্পনা ছিল। পরে সময়সূচি পরিবর্তন করে এপ্রিল-মে মাস নির্ধারণ করা হয়। এমনকি এপ্রিলে পরীক্ষামূলক ট্রেন চালানোর সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। তবে সর্বশেষ তা পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটার। তখন স্টেশনের সংখ্যা হবে ১৭টি।
গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতির হিসাবে, মতিঝিল-কমলাপুর অংশের পূর্তকাজ শেষ হয়েছে ৮৪ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের অগ্রগতি ৫৮ শতাংশ।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মূল অবকাঠামোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথ নির্মাণ শেষে রেললাইন বসানোর জন্য তা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। কমলাপুর স্টেশনের মূল কাঠামোর নির্মাণও শেষ হয়েছে। এখন চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ তৈরির কাজ। এসব স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা যাবে না। এর আগে রেললাইন, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায় পদ্ধতি, প্ল্যাটফর্মের নিরাপত্তা সরঞ্জাম, টেলিযোগাযোগ ব্যবস্থা, লিফট ও এসকেলেটরসহ সব কারিগরি সুবিধা চালু করতে হবে।
এরপর বিভিন্ন ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন পরিচালনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাইয়ের অগ্রগতির ওপরই শেষ পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর সময় নির্ভর করবে।
ফলে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর সম্ভাব্য সময় আবারও পিছিয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, সব কাজ ও পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলে ২০২৭ সালের জুলাইয়ে এ অংশে যাত্রী চলাচল শুরু হতে পারে।
বিভি/এজেড













মন্তব্য করুন: