• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীতে ভোটের হাওয়া

উত্তরের ১ নম্বর ওয়ার্ডে মাঠ গোছাচ্ছে বিএনপি ও জামায়াত, এখনো নীরব এনসিপি

প্রকাশিত: ১৯:০৭, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০৭, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উত্তরের ১ নম্বর ওয়ার্ডে মাঠ গোছাচ্ছে বিএনপি ও জামায়াত, এখনো নীরব এনসিপি

রাজধানীর তুলনামূলক নতুন ও পরিকল্পিত অভিজাত এলাকা উত্তরা মডেল টাউনের ১০টি সেক্টর এবং আশপাশের এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড গঠিত। উত্তরার ১০টি সেক্টর ছাড়া এই ওয়ার্ডে আব্দুল্লাপুর, পুরাকরৈ, শৈলপুর, ফায়দাবাদ, বাউনিয়া, দক্ষিণ খান ও রানাভোলার কিছু অংশও সংযুক্ত রয়েছে।

পুরো উত্তরা পূর্ব থানা ও উত্তরা পশ্চিম থানার কিছু অংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডটির অবস্থান ঢাকা-১৮ আসনে। ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী এই ওয়ার্ডের জনসংখ্যা ১ লাখ ১৯ হাজার ৫১৪ জন। 

ওয়ার্ড এলাকার সবচেয়ে বড় ও পরিচিত মসজিদ ৬ নম্বর সেক্টরের উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। জুমার নামাজ শেষে সেই মসজিদের সামনেই কয়েকজন মুসল্লীর সঙ্গে আলোচনা। জানতে চেয়েছিলাম, এই ওয়ার্ডের ভোটের হালচাল সম্পর্কে। তবে কথা বলে মনে হলো এখনো ভোটের হাওয়া লাগেনি ওই অঞ্চলে।

এলাকার সমস্যা-সম্ভাবনা এবং জনপ্রতিনিধিদের কাছে প্রত্যাশা প্রসঙ্গে জানতে চাই বাসিন্দাদের কাছে। মামুনুর রশিদ নামের এক বাসিন্দা বলে উঠেন, ঢাকার অনেক এলাকা থেকে পরিবেশের দিক থেকে আমরা ভালো আছি। কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যা ছিনতাই আর কিশোর গ্যাং। যেই প্রার্থী কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিবে আমি তাকেই ভোট দিবো। কিন্তু সমস্যা হলো আমাদের নেতারাইতো এসব গ্যাং পালে। 

আকরামুল ইসলাম নামে আরেকজন বলেন, মশার সমস্যা খুব। মশার কারণে খুব আতঙ্কে আছি। কখন কে ডেঙ্গু আক্রান্ত হয় বলা যায় না। যারা জনপ্রতিনিধি হতে আসবেন তাদেরকে মশা থেকে মুক্তির জন্য কি করবে বলতে হবে।

পাশ থেকে আরেকজন বলেন, রাস্তা কাটাকাটির কথা বাদ দিচ্ছেন কেন? সুন্দর সুন্দর রাস্তাগুলো কেটে কি অবস্থা করে দেখেছেন? এটা বন্ধ হওয়া দরকার।

৬ নম্বর সেক্টর থেকে ৫ নম্বর সেক্টরের দিকে যাওয়ার পথে রাস্তায় নির্বাচনের আমেজ বুঝার চেষ্টা করেছি। কিন্তু পুরো রাস্তায় কোনো নির্বাচনী ব্যানার ফেস্টুন চোখে পড়লো না। ৫ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সামনে চা খেতে খেতে কথা হলো কয়েকজনের সঙ্গে।

ভোটের হালচাল কেমন জানতে চাইলে জুবায়ের নামে এক তরুণ বললেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো আমেজ দেখছি না। তবে বিএনপি থেকে কয়েকজনের চেষ্টার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে আজমল হুদা মিঠুর।

বিরোধী দলের কোনো প্রার্থী আছে কিনা জানতে চাইলে ইব্রাহিম নামের একজন বলেন, জামায়াতের একজন প্রার্থী বিভিন্ন জায়গায় গিয়ে প্রচর চালাচ্ছেন, কিন্তু উনার নাম জানি না। 

৫ নম্বর সেক্টর থেকে গন্তব্য সবচেয়ে উত্তরার জমজমাট এলাকা রাজলক্ষীর দিকে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাজলক্ষী কমপ্লেক্সের পেছনের সড়কে বসেছে শীতের কাপড়ের জমজমাট বাজার। সেখানে ফুটপাথের একটি দোকানে দাঁড়িয়ে পুরি খেতে খেতে কথা হলো- কয়েকজনের সঙ্গে। কিন্তু নির্বাচনে কে প্রার্থী হচ্ছেন তাদের কেউ কিছুই জানেন না। তবে তারা বলছেন, কাউন্সিলর প্রার্থীদের থেকে চাঁদাবাজিমুক্ত এলাকার নিশ্চয়তা চান তারা।

গলি থেকে প্রধান সড়কে গিয়ে বিআরটি প্রকল্পের পিলারে পিলারে চোখে পড়ে কিছু নির্বাচনী পোস্টার। যার মধ্যে রয়েছে উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস আই টুটুল ও উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু এবং হারুন ভূঁইয়ার পোস্টার। এছাড়া অনলাইনে ঘেঠটে এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেলো, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুলও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অনলাইনে উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার জাহিদকেও (জাহিদ মাস্টার) প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।

অপরদিকে বিরোধী জোটের মাধ্যে এখন পর্যন্ত এনসিপির কোনো প্রার্থীর তৎপরতা চোখে না পড়লেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী মাওলানা মাহফুজুর রহমানকে কাউন্সিলর প্রার্থী করা হয়েছে বলে জানা গেছে। প্রার্থী হিসেবে তিনি নানান তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। 

আলোচিত প্রার্থীদের একজন এস আই টুটুল। তিনি সম্পর্কে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেনের শ্যালক। ধারণা করা হয় সম্পর্কের কারণে মনোয়ন দৌঁড়ে এগিয়ে থাকতে পারেন টুটুল। তবে তিনি বাংলাভিশনকে বলেন, সম্পর্কের কারণে নয় আমি দলের দুর্দিনের কর্মী এবং এলাকায় জনপ্রিয়তার কারণেই দলীয় মনোনয়ন পেতে আশাবাদী। আওয়ামী লীগ সরকারের সময় যখন তাবিথ আউয়াল ভাই মেয়র পদে নির্বাচন করেছেন তখন আমি তার সঙ্গে কাজ করেছি। তখনও আমি প্রার্থী হতে চেয়েছি, দল তখন দেয়নি মেনে নিয়েছি, কাজ করেছি। ফ্যাসিবাদ আমলে আমার নামে ১২৮টি মামলা হয়েছে। দুটি মামলায় আমার ১২ বছরের সাজা হয়েছে। একাধিকবার আমি জেল খেটেছি। এখন পরিবেশ পেয়েছি জনসম্পৃক্ত কাজ করছি। আমাদের কিছু কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ আছে। বুকে হাত দিয়ে বলতে পারি আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাবেন না। আশা করি দল এগুলো বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবে।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল বলেন, আমি যুবদলে ছিলাম এখন মূল দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এলাকার নতুন ভোটারদের সঙ্গে আমার ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। তরুণরা যেমন রাজনীতি চায় আমি তেমনই করার চেষ্টা করছি। স্মার্ট রাজনীতির অংশ হিসেবে আমি পোস্টার ব্যানার করে প্রচারণার নামে দূষণ করছি না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মার্ট প্রচারণা করছি। কারণ তরুণরা এগুলোতে বিরক্ত হয়। আমি ১৫ মামলার আসামি ছিলাম, আমার রেস্টুরেন্ট ব্যবসা বন্ধ করতে হয়েছে। আমি আশাবাদী দল আমার কথা বিবেচনা করবে। তবে দিন শেষে দল যাকে মনোনয়ন দেবে আমি দলের হয়েই কাজ করবো।

ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদ বলেন, দলের কঠিন সময় থেকেই আমাদেরকে শীর্ষ নেতারা বলে এসেছেন ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিদের জনসম্পৃক্ত কাজে সক্রিয় হতে। মহানগর আহ্বায়ক থাকতে আমিনুল ভাই আশ্বাসও দিয়েছেন কাউন্সিলর পদে মনোনয়নে ওয়ার্ড সভাপতিরা অগ্রাধিকার পাবে। সেই হিসেবে আমি আশাবাদী। তবে দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবো না।

উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু বলেন, আমি ১৯৯৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি ১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাধারণ সম্পাদক ছিলাম। ওয়ার্ড থানা পর্যায়ের অনেক পদে দায়িত্ব পালন করেছি। আমি আওয়ামী লীগের সময় কম নির্যাতিতও ছিলাম না। আমার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, আমার বাসা ভাঙচুর করা হয়েছে। জুলাই আন্দোলনে আমি সরাসরি সক্রিয় ছিলাম। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমার মতো জনসম্পৃক্ততা আর কারো নেই এবং আমি মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাব আশাবাদী এবং নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি মনোনয়ন পেলে জয় অবশ্যই আমাদের ঘরে আসবে।  

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাহফুজুর রহমান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনামলে নানা ধরনের জুলুম, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও আমি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং জনকল্যাণমূলক কাজ থেকে কখনো পিছপা হইনি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও জনতার মেয়র জনাব সেলিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছি। এখন পর্যন্ত এলাকার সার্বিক পরিস্থিতি ও জনগণের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক। আমি বিশ্বাস করি, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলে ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত জনগণ তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।

ওয়ার্ড ঘুরে বোঝা গেলো, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সবেমাত্র তবলার ঠুকঠাক শুরু হয়েছে। খেলা জমতে শুরু করবে নতুন বছরের শুরু নাগাদ, এমনই ধারণা এলাকাবাসীর।

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত