অভিষেকেই ব্যাটিং মুগ্ধতা ছড়ালেন জাকের আলী
শ্রীলংকার সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয় না পেলেও ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন জাকের আলী অনিক। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে টাইগাররা যে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছে, তাতে মূল অবদান রেখেছেন এই তরুণ ব্যাটসম্যান।
এ বছর বিপিএল টি-টোয়েন্টিতে নজর কাড়েন জাকের আলী। বিপিএল রার্নাসআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে নিজের সামর্থ ভালোভাবেই তুলে ধরেছেন ২৬ বছরের এই ক্রিকেটার। বিশেষ করে স্লগ ওভারে বিগ হিট নিয়ে আলো ছড়ান। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই তরুণকে দলে নেন নিবার্চকরা। আর প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন ফাইটার জাকের আলী।
এর আগে দেশের হয়ে অনূর্ধ্ব ১৯ দল এবং এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছেন। তবে মূল জাতীয় দলে এই প্রথম খেললেন। ২০৭ রান তাড়া করে টাইগাররা প্রথম ম্যাচে ৩ রানে হেরেছে। ৬৮ রানে চার টপ অর্ডারের বিদায়ে বড় টার্গেটের পেছনে ছোটা কঠিন হয়ে যায়।
প্রথমে মাহমুদুল্লাহ, পরে জাকের ব্যাট হাতে তান্ডব চালিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ ২ ওভারে দরকার ছিলো ২০ রান। জয়ের খুব কাছেই ছিলো টাইগাররা। কিন্তু টেলএন্ডাররা পারেনি জাকেরকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিতে। ৩৪ বলে ৬ ছক্কায় ৬৮ করে শেষ ওভারে আউট হন জাকের। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় না পেলেও একজন হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে জাকের দর্শকদের হৃদয় জয় করেছেন ঠিকই।
বিভি/টিটি













মন্তব্য করুন: