জাতীয় দলে কবে ফিরছেন পেসার এবাদত!
হাঁটুর ইনজুরি এবাদত হোসেনকে লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন। এজন্য তিনি মিস করেছেন এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। এ নিয়ে আক্ষেপ থাকলেও দ্রুতই ফিট হয়ে জাতীয় দলে আবারও ফিরতে মুখিয়ে আছেন ‘সিলেটের রকেট’ খ্যাত এ টাইগার পেসার।
গেলো বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েন এই পেসার। এতে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যান এবাদত। এ সময় তিনি তার পায়ের অপারেশন করিয়ে নেন ইংল্যান্ড থেকে। তখনই জানানো হয়েছিল, অন্তত ৯ মাসের জন্য ছিটকে গেছেন তিনি।
সিলেটে চলমানবাংলাদেশ-শ্রীলংকার টি-২০ সিরিজ। এ ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন বাংলাদেশে স্যালুট ম্যান। শ্রীলংকার ইনিংসের বিরতিতে প্রেসিডেন্ট বক্সে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে দেখা যায় তাকে। এ সময় ইবাদতকে জালাল বলেন, ‘তুমি আমাদের স্ট্রাইক বোলার ছিলে। এশিয়া কাপ-বিশ্বকাপে তোমাকে অনেক মিস করেছি।’
নিজের পুনর্বাসনপ্রক্রিয়া সম্পর্কে এবাদত বলেন, ‘পুনর্বাসনের তৃতীয় পর্যায়ে আছি। আমার পায়ে ৭০ শতাংশ স্ট্রেংথ বিল্ডআপ হয়েছে। আগামীকাল (গতকাল) থেকে আমার রানিং শুরু হবে ইনশা-আল্লাহ।’
এবাদত আরও বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমার দৌড়ানোর তীব্রতা ৭০ থেকে ৮০ শতাংশ হলে শর্ট রানআপে বোলিং শুরু করবো। এটা করতে যত দিন সময় লাগে। আশা করছি যে চার-পাঁচ সপ্তাহ।’
টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এবাদত জানান, ‘এটা বলা মুশকিল। আমি যদি বলি বিশ্বকাপ খেলবো আর যদি খেলতে না পারি তাহলে অনেকে বলবে যে, না আমি পুনর্বাসনের কাজ করিনি বা ভালো হয়নি (পুনর্বাসনের কাজ)। আমার প্রত্যাশা-লক্ষ্য আছে। যদি এর ভেতরে ফিরতে পারি, তো আলহামদুলিল্লাহ। তবে আমার চেষ্টা থাকবে।
বিভি/এসকে/রিসি













মন্তব্য করুন: