শেষ ম্যাচের আগে দুঃসংবাদ টাইগারদের, ছিটকে গেলেন সাকিব
ছিটকে গেলেন তানজিম সাকিব। ফাইল ছবি- ক্রিকইনফো
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের নায়ক ছিলেন তানজিম হাসান সাকিব। পরের ম্যাচেও ভালো করেছেন তিনি। কিন্তু আগামীকাল তৃতীয় ওয়ানডে খেলা হচ্ছে না সাকিবের। তার ছিটকে যাওয়ার দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। ইনজুরিতে পড়ায় দল থেকে ছিটকে গেছেন এই তরুণ পেসার। দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ।
রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই পেসার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ঢাকা থেকে মুঠোফোনে তানজিম হাসানের চোটে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে তানজিম ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে দ্বিতীয় বল করেই চোটে পড়েছিলেন তিনি। উঠে যান মাঠ থেকে। পরে আর বোলিং করতে না হলেও ফিল্ডিংয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটি ক্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম বল করেছেন পুরো ১০ ওভারই, ৬৫ রানে নিয়েছেন ১ উইকেট।
আগামী তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগের দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে জয় পাওয়ায় ১-১ সমতা বিরাজ করছে। অঘোষিত ফাইনালটি মাঠে গড়াবে সকাল দশটায়।
বিভি/এজেড













মন্তব্য করুন: