৪০ বছর পর চ্যাম্পিয়ন অ্যাথলেটিক বিলবাও
৪০ বছর পর শিরোপা জয়। আনন্দে ভাসছে অ্যাথলেটিক বিলবাওয়ের সমর্থকরা। ১৯৮৪ তে কোপা দেল রে'র স্বাদ পেয়েছিলো অ্যাথলেটিক বিলবাও। এরপর একে একে কেটে গেছে ৪টি দশক।
৪০ বছরে মাদ্রিদ-বার্সেলোনায় শিরোপার উল্লাস দেখেছে বিলবাও সমর্থকরা। দেখেছে আরো অনেক দলেরই। কিন্তু ট্রফি জয়ের আনন্দটা পাওয়া হয়নি বিলবাওয়ের এই প্রজন্মের সমর্থকদের। তাইতো কোপা দেল রে'র শিরোপা তাদের বের করে এনেছে ঘর থেকে।
এর আগে টানা ছয়টি স্প্যানিশ কাপ ফাইনাল হেরেছে। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে ইউরোপা লিগের ফাইনাল। এক যুগ ধরে হৃদয়ে যন্ত্রনা বয়ে বেড়াচ্ছে বিলবাও ফ্যানরা।
ম্যাচটি টাইব্রেকারে গড়ানোয় এবারো হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিলো তাদের। সমর্থকদের অনেকেই ছেড়েই দিয়োছিলো শিরোপার আশা। শেষ পর্যন্ত মায়োর্কাকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রে শিরোপার স্বাদ নিয়েছে অ্যাথলেটিক বিলবাও।
প্রায় ৫০ হাজার বিলবাও সমর্থক রাস্তায় করেছে আনন্দ মিছিল। অনেকে বলছেন এটা ছিলো কঠিন তবে আনন্দদায়ী। কারো কন্ঠে চ্যাম্পিয়ন হওয়ার গর্ব, উচ্ছাস। ৪০ বছর পর এই টুর্নামেন্ট জিতলেও ২৪টি ট্রফি নিয়ে তালিকায় তারা এখনো দ্বিতীয়স্থানে। ৩১টি কোপা দেল রে শিরোপা হাতে তুলে শীর্ষে আছে বার্সেলোনা।
বিভি/রিসি













মন্তব্য করুন: