লিটনের ধুমকেতুর সামনে দাঁড়াতেই পারলো না আকবরের দুরন্ত
বিশ্বকাপ বয়কটের পর নিজেদের মধ্যে অদম্য কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলছে টাইগাররা। উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা করেছেন লিটন দাসের নেতৃত্বাধীন ধুমকেতু একাদশ। লড়াইয়ের আভাস দিয়েও হার নিয়েই মাঠ ছেড়েছেন আকবর আলীর দুরন্ত একাদশ।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অদম্য কাপের প্রথম ম্যাচে আকবরের নেতৃত্বাধীন দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়েছে লিটনের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারের ১ বল আগে অলআউট হয়ে ১৪৩ রান করে দুরন্ত। জবাব দিতে নেমে ২৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধূমকেতু।
বিশ্বকাপের সময় ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এই আয়োজন বিসিবির। উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের জন্যও কিছুটা আনন্দের খোরাকের যোগান দেওয়া। তবে টুর্নামেন্টের প্রথম দিন দর্শকদের মধ্যে তেমন উন্মাদনা লক্ষ্য করা যায়নি।
প্রাণহীন এমন ম্যাচে অবশ্য কিছুটা প্রাণের সঞ্চার করেছেন লিটন-সাইফ। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে তাদের ৭৮ রানের জুটি গড়েন তারা। ৩ ছক্কা ও ৪ চারে ৩০ বলে ৫০ রান করে সাইফ যখন আউট হন দলের সংগ্রহ তখন ১১২। এর আগে ওপেনিংয়ে নেমে ৮ বলে ১৭ রান করেন তানজিদ হাসান তামিম।
সাইফের বিদায়ের পর ২০ রানের ব্যবধানে পারভেজ ইমন এবং তাওহীদ হৃদয়ের উইকেট হারায় ধূমকেতু। ২ বলের ব্যবধানে এই দুই ব্যাটারকে ফেরান মেহরব। তবে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক লিটন। ৪৩ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিটন। দুরন্তের হয়ে ৪ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন মেহরব।
এর আগে ব্যাটিংয়ে নেমে সম্মিলিত প্রচেষ্টায় ১৪৩ রান করে দুরন্ত। অবশ্য ব্যাটিংয়ের শুরুটা ছিল সম্ভাবনাময়। ওপেনিংয়ে মাহফিজুল রবিন এবং জিসান আলম মিলে গড়েন ৩১ রানের জুটি। জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব।
দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিমকে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রবিন। তবে এই জুটিতে রান এগিয়েছে ধীরগতিতে। ৩৭ বলে গড়া ৩৬ রানের এই জুটি ভাঙে আজিজুল হাকিম তামিমের বিদায়ে। ৩৬ বলে ৩৯ রান করে রবিন ফেরেন দলীয় ৭৫ রানে। ২ রানের ব্যবধানে ফেরেন আরিফুল ইসলামও।
আকবর আলী এবং এসএম মেহরবরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৮ রান করেন অধিনায়ক আকবর, সমান বলে মেহরব করেন ১৫ রান। মাহিদুল ইসলাম অঙ্কনও হাল ধরতে পারেননি।
ভালো শুরু পেয়েও এক পর্যায়ে ১১৭ রানে ৭ উইকেট হারায় দুরন্ত। তবে সেখান থেকে স্কোরটা ১৪৩ পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা করেছেন জাওয়াদ আবরার এবং আব্দুল গফফার সাকলাইন। ১৯ বলে ২৪ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা।
এদিন ৮ নম্বরে নেমে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন আবরার। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট খেলোয়াড় হয়েছেন তিনি। আবরার ৮ বলে ১০ এবং সাকলাইন ১৫ বলে ১৫ রান করেন। দুরন্তের ইনিংস থামে ১ বল বাকি থাকতেই।
৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং শরিফুল ইসলাম।
বিভি/এজেড



মন্তব্য করুন: