আয়ারল্যান্ডের কড়া সিদ্ধান্ত: ইসরাইলের বিপক্ষে খেলবে কালো ব্যাজ পরে
গাজায় চলমান মানবিক সংকট ও ইসরাইলি সামরিক আগ্রাসনে প্রতিবাদে অনিশ্চয়তায় পড়েছিল আয়ারল্যান্ডের নেশনস লিগের ম্যাচ। দলের এক ফুটবলারের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত এবং অন্যদের মধ্যেও একই ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে ইসরাইলের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ দল। তবে সেখানেও রয়েছে কড়া এক সিদ্ধান্ত।
রবিবার রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড-ইসরাইল ম্যাচ। তবে মাঠে নামলেও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো বাহুবন্ধনী পরে খেলবেন আইরিশ ফুটবলাররা।
ঘটনার শুরু বোল্টন ওয়ান্ডারার্সের আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনুর অবস্থান ঘিরে। ২৪ বছর বয়সী এই ফুটবলার গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে ‘নৃশংসতা’ উল্লেখ করে ম্যাচে খেলতে অস্বীকৃতি জানান।
ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরে বাজুনু লেখেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তবে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি, যা হালকাভাবে নেওয়া হয়নি। নিরপরাধ মানুষকে হত্যা করা ভুল—এই নীতিগত অবস্থানের কারণে ইসরাইলের বিরুদ্ধে খেলা আমার পক্ষে অসম্ভব।’
বাজুনুর ঘোষণার পর দলের অনুশীলন ও সংবাদ সম্মেলন কয়েক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এফএআই কর্মকর্তা, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে হোটেলে প্রায় চার ঘণ্টা বৈঠক চলে। এ সময় কয়েকজন খেলোয়াড়ও ম্যাচ বয়কটের পক্ষে অবস্থান নেওয়ার কথা ভাবছিলেন।
পরে ভোটাভুটিতে ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ’ খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়ার পক্ষে মত দেন। এফএআইয়ের প্রধান নির্বাহী ডেভিড কারেল জানান, খেলোয়াড়দের ভোটের ভিত্তিতেই ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অধিনায়ক ডারা ও’শি বলেন, প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত মতামতকে সম্মান করা এবং মানবিক ইস্যুতে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ ছিল।
এর আগে আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গণহত্যার পক্ষে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ তার এই মন্তব্যের সমালোচনা করে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) উয়েফার কাছে অভিযোগ করার হুমকি দেয়।
ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিতে আয়ারল্যান্ডে প্রতিবাদও চলছে। সম্প্রতি ডাবলিনে দলের হোটেলের বাইরে শতাধিক অ্যাথলেটের স্বাক্ষর করা স্মারকলিপি নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেশনস লিগের সূচি অনুযায়ী দুই দল দুটি ম্যাচ খেলবে। নিরাপত্তাজনিত কারণে ইসরাইলে ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় প্রথম লেগ হচ্ছে হাঙ্গেরিতে। আগামী ৪ অক্টোবরের ফিরতি ম্যাচটি আয়ারল্যান্ডে না হয়ে সার্বিয়ায় দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: