প্রমিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাগড়াছড়ি ফুটবল একাডেমি
উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন-১) শেষ হয়েছে। সমাপনী খেলায় পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি ফুটবল একাডেমি। রবিবার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। পাহাড়ের নারীরা ফুটবলের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি নারী ফুটবল খেলোয়াড় ও তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ ছাড়া জেলার আট উপজেলার বিভিন্ন ক্লাব, একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, জেলা পরিষদ সদস্য কুহেলী দেওয়ান ও তাহমিনা সিরাজ সীমাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: