শচীনের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি, গড়লেন অনন্য কীর্তি
ওয়ানডে ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। একই সঙ্গে দ্রুততম ১৫ হাজার রান করার বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ভারতীয় ব্যাটার।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েন কোহলি।
ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করতে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ৩৫০ ইনিংস। সেখানে কোহলি এই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ৩১৫তম ইনিংসে। ফলে শচীনের রেকর্ড পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ১৫ হাজার রানের মালিক হয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংসে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফকে চার মেরে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। একই সঙ্গে ওই চার দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতকও পূর্ণ করেন তিনি।
ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় কোহলির ওপরে এখন কেবল শচীন টেন্ডুলকার। শচীনের সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। এরপর কোহলির ১৫ হাজারের বেশি রান। তালিকায় তৃতীয় স্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ১৪ হাজার ২৪৩ রান নিয়ে এবং চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৩ হাজার ৭০৪ রান নিয়ে রয়েছেন।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও কোহলির দখলে। এবার ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে সীমিত ওভারের ক্রিকেটে নিজের কীর্তির তালিকায় আরও একটি বড় অর্জন যোগ করলেন ভারতের এই তারকা ব্যাটার।
বিভি/টিটি













মন্তব্য করুন: