রাফিনহার পায়ের জাদু দেখতে পারবে না ভারতীয়রা, জানা গেল কারণ
ভারতের মাটিতে ব্রাজিলের তারকা রাফিনহার পায়ের জাদু দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। তবে সেই অপেক্ষা আর পূরণ হচ্ছে না। চোটের কারণে ভারতের বিপক্ষে ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ডান ঊরুর পেছনের অংশে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। পরে করা পরীক্ষায় সেখানে সামান্য পেশিতে ফোলা ধরা পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে নতুন কোনো খেলোয়াড়কেও দলে নেওয়া হচ্ছে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন রাফিনহা। ব্রাজিলের ৪-২ গোলের জয়ে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি। তবে প্রথমার্ধের শেষ দিকে ডান ঊরুতে অস্বস্তি অনুভব করায় বিরতির সময় তাঁকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। তাঁর জায়গায় মাঠে নামেন এনদ্রিক।
এরপর বুধবার রাফিনহার চোট পরীক্ষা করা হয়। সিবিএফ জানায়, চোট গুরুতর নয়। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সতর্কতামূলকভাবে তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাফিনহা এখন বার্সেলোনায় ফিরে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।
রাফিনহার চোটের ইতিহাসও রয়েছে। ডান পায়ের ঊরু ও হ্যামস্ট্রিংয়ে আগেও সমস্যায় পড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তাই তাঁকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট।
জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাফিনহার। তিনি ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেন এবং সাম্প্রতিক সময়ে দলের নেতৃত্বও দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি।
রাফিনহাকে ছাড়াই এবার ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে। ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের মাটিতে এটিই হবে ব্রাজিলের প্রথম ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ করে ১ অক্টোবর কলকাতায় পৌঁছানোর কথা ব্রাজিল দলের। ম্যাচের আগে শুক্রবার অনুশীলনে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: