• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ চূড়ান্ত, প্রতিপক্ষ যারা

প্রকাশিত: ০০:৫২, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ চূড়ান্ত, প্রতিপক্ষ যারা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের দলগুলো চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ১৪ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে।

বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই পাঁচ দলের সঙ্গে গ্রুপে যোগ দেবে বাছাইপর্বের ‘সুপার সিরিজ’ থেকে উঠে আসা ‘কোয়ালিফায়ার বি’ দল।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপে যোগ দেবে ‘কোয়ালিফায়ার এ’ হিসেবে নির্ধারিত দল।

বিশ্বকাপের ১৪ দলের মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা পেয়েছে। এর সঙ্গে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বকাপের তৃতীয় স্বাগতিক নামিবিয়া সরাসরি গ্রুপ পর্বে নেই; তাদের অংশ নিতে হচ্ছে বাছাই প্রক্রিয়ায়।

বিশ্বকাপের বাকি চারটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বে শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দল এরপর খেলবে ‘সুপার সিরিজ’। তিন দলের এই রাউন্ড-রবিন পর্বে প্রত্যেকে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দলটি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রবেশ করবে।

অর্থাৎ বাছাইপর্ব থেকে মোট দুটি দল বিশ্বকাপের মূল গ্রুপ পর্বে জায়গা পাবে—একটি সরাসরি বাছাইপর্বের চ্যাম্পিয়ন হিসেবে, অন্যটি সুপার সিরিজের বিজয়ী হিসেবে।

গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ বাংলাদেশ গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে।

আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডহোকে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৯ অক্টোবর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ অক্টোবর কোয়ালিফায়ার বি দলের বিপক্ষে।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সরাসরি ‘সুপার সেভেন’ পর্বে যাবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে যে দলের অবস্থান তুলনামূলক ভালো হবে, সেই দলও জায়গা পাবে। ফলে মোট সাত দল নিয়ে হবে এই পর্ব।

সুপার সেভেনে সাত দলই একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বে মোট ২১টি ম্যাচ হবে এবং কোনো দল গ্রুপ পর্বের পয়েন্ট সঙ্গে নিয়ে যাবে না।

সুপার সেভেন শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও চতুর্থ দল, আর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় দল। এরপর দুই সেমিফাইনালের বিজয়ীদের নিয়ে হবে ফাইনাল।

২০২৭ বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে আইসিসি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত