• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

উয়েফা নেশন্স লিগ

তুরস্ককে হারিয়ে কোয়ার্টারের পথে আরও এগিয়ে ইতালি

প্রকাশিত: ০৯:৩৭, ৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
তুরস্ককে হারিয়ে কোয়ার্টারের পথে আরও এগিয়ে ইতালি

তুরস্কের মাঠে ৪-১ গোলের জয় দিয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করেছিল ইতালি। এবার ঘরের মাঠেও তুর্কিদের হারাল আজ্জুরিরা। সোমবার ৩-১ গোলের জয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে কোয়ার্টার ফাইনালের আশা আরও উজ্জ্বল করেছে ইতালি। ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ইতালি। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে গোল করেন আতালান্তা স্ট্রাইকার জানলুকা স্কামাক্কা।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তুরস্ক। তবে ছয় গজ বক্সের বাইরে অরক্ষিত অবস্থায় থাকা আরাল সিম্সিরের হেড ইতালির রক্ষণে প্রতিহত হয়।

তবে ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি ঠিকই পেয়ে যায় তুরস্ক। সতীর্থের ব্যাকহিল পাস পেয়ে গোলমুখের সামনে ফাঁকায় বল পেয়ে অনায়াসে জালে পাঠান সিম্সির।

তুরস্কের স্বস্তি অবশ্য তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডান দিক থেকে নিকোলো বারেল্লার নেওয়া ফ্রি-কিকে লাফিয়ে হেড করে গোলরক্ষককে পরাস্ত করেন ইতালির ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৮৭ মিনিটে ফ্রান্সেস্কো পিও এস্পোজিতোর গোলে ইতালির জয় নিশ্চিত হয়। তুরস্কের বিপক্ষে আগের ম্যাচেও গোল করেছিলেন ২১ বছর বয়সী ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বেলজিয়ামকে এক পয়েন্ট পেছনে ফেলে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। অন্যদিকে চার ম্যাচের সবকটিতে হেরে নেশন্স লিগ থেকে তুরস্কের বিদায় নিশ্চিত হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: