ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ, আরও যা জানা গেল
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। জাকার্তায় ফিফা-আসিয়ান কাপের ফাইনাল দেখতে গিয়ে ফিফা সভাপতির সঙ্গে এই বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ভবিষ্যতে ফিফা-আসিয়ান কাপে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়।
ফিফা-আসিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে স্বাগতিক ইন্দোনেশিয়া চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল দেখতে জাকার্তায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানেই এক ফাঁকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনায় বসেন তিনি।
বৈঠকে ছেলেদের ও মেয়েদের ফুটবল, বয়সভিত্তিক ফুটবল, নেশন্স লিগ ও ফিফা সিরিজসহ ফুটবল উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এশিয়ার আরও বেশি সংখ্যক দেশকে যুক্ত করতে ভবিষ্যতে ফিফা-স্পন্সরড প্রতিযোগিতার পরিধি বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় আসে।
এ সময় ফিফা-আসিয়ান কাপে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণের আগ্রহের কথা তুলে ধরেন তাবিথ আউয়াল। পরবর্তী আসরগুলোতে বাংলাদেশকেও যেন আমন্ত্রণ জানানো হয়, সে অনুরোধ করেন বাফুফে সভাপতি।
একই সঙ্গে বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ফিফার সঙ্গে সহযোগিতা আরও সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তাবিথ আউয়াল। বাংলাদেশের ফুটবলের বিভিন্ন পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ফিফার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: