• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেন্ডিসের সেঞ্চুরিতে পাকিস্তানকে বড় টার্গেট দিলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ১৮:১৫, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মেন্ডিসের সেঞ্চুরিতে পাকিস্তানকে বড় টার্গেট দিলো শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের সামনে ৩২৭ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ইনিংসে এ সংগ্রহ গড়ে লঙ্কানরা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন কামিন্দু মেন্ডিস। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন পভন রাথনায়েকে।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সন্ধ্যার পর শিশির পড়ার সম্ভাবনা থাকায় দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা কঠিন হতে পারে—এমন বিবেচনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৩১ রান করেছেন কামিন্দু মেন্ডিস। এ ছাড়া পভন রাথনায়েকে ৭৭, অভিস্কা ফার্নান্দো ৩৮, দাসুন শানাকা ১৭ এবং শাহান আর্চিগ ১৫ রান করেন।

পাকিস্তানের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও সালমান আগা।

৩২৭ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জিততে হলে পাকিস্তানকে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। অন্যদিকে, বড় সংগ্রহের পর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শিরোপা নিশ্চিত করতে চাইবে শ্রীলঙ্কা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: