দুই যুগ পর সাফ ফাইনালের হাতছানি বাংলাদেশের
টানা দুই জয়ে চনমনে মুডেই মাঠে নামবেন হামজারা। ছবি: বাফুফে
ঘরের মাটিতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দল গ্রুপপর্বে টানা জয় নিয়ে শীর্ষস্থান দখল করেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে। ফাইনালে ওঠার এই লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে দীর্ঘ ২১ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
এর আগে সর্বশেষ ২০০৫ সালের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের দল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, যার মধ্যে আর ফাইনালে উঠতে পারেনি তারা। আজ (শনিবার) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটি। এর আগে একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান।
চলতি টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে গোল করেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। এই বড় জয় দলের আক্রমণভাগের শক্তি ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
তবে দুর্দান্ত জয়ের পাশাপাশি দলের রক্ষণভাগে কিছু ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোঁড়ালির টেন্ডনে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নির্ভরযোগ্য রাইটব্যাক সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কোচিং স্টাফকে দলের অন্য ডিফেন্ডারদের ফিটনেস ও খেলার উপযোগীতা নিয়ে নতুন ছক কষতে হচ্ছে।
এদিকে প্রতিপক্ষ পাকিস্তানও সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুতি ও হুঙ্কারের কথা জানিয়ে দিয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে গেলেও, শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাক বাহিনী। ফলে দুই দলের এই লড়াইটি বেশ রোমাঞ্চকর হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
মিডফিল্ডার জামাল ভূঁইয়া পাকিস্তানের হুমকির বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের পুরো মনোযোগ এখন শুধুই সেমিফাইনালে। ঘরের মাঠে খেলা হওয়ায় বিপুল পরিমাণ দর্শকের সমর্থনও বড় প্লাস পয়েন্ট হতে পারে হামজা চৌধুরী ও তার সতীর্থদের জন্য।
উল্লেখ্য, ২০০৩ সালে ঘরের মাঠেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সোনালী ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয়বার শিরোপার স্বাদ পেতে কেটে গেছে দীর্ঘ ২৩ বছর। আঞ্চলিক ফুটবলের সেই হারানো গৌরব ও শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে আজ মাঠে নামছে লাল-সবুজরা। ফাইনালে যাওয়ার এই কঠিন লড়াইয়ে পাকিস্তানকে পরাস্ত করতে হলে গ্রুপ পর্বের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা এবং নিজেদের সেরা পারফরম্যান্সটাই বজায় রাখতে হবে বাংলাদেশকে।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: