হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা?
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা খরা কাটিয়ে ফাইনালে পা রাখার সুবর্ণ সুযোগ এখন লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। আজ রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচকে কেন্দ্র করে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উন্মাদনা। ঘরের মাঠে সমর্থকদের বিপুল সমর্থন আর নিজেদের সেরা ফর্মকে পুঁজি করে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটাতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
চলতি টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হিসেবেই শেষ চারের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচে ৫ গোল করার পাশাপাশি রক্ষণভাগে একটি গোলও হজম না করায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কোচ থমাস ডুলির শিষ্যরা।
অন্যদিকে, পাকিস্তানের শুরুটা কিছুটা হোঁচট খেয়ে হলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। ভারতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। দলটিতে নতুন পাঁচজন ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণভাগকে আরও ধারালো করেছে। বিশেষ করে ফরোয়ার্ড নাজিবুল্লাহ দুই ম্যাচে তিন গোল করে পাকিস্তানের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছেন।
ফুটবল ইতিহাস ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দলের আগের ১৭টি সাক্ষাতের মধ্যে বাংলাদেশ জয় তুলে নিয়েছে ৭টিতে, পাকিস্তানের জয় ৫টিতে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া ফিফা র্যাংকিংয়েও পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে মাঠের খেলায় পুরোনো প্রতিদ্বন্দ্বিতায় পরিসংখ্যানের ব্যবধান যে খুব বেশি প্রভাব ফেলে না, তা ভালো করেই জানেন বাংলাদেশ কোচ থমাস ডুলি।
দল ভালো ফর্মে থাকলেও রক্ষণভাগের ইনজুরি সমস্যা কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। টুর্নামেন্টের শুরুতেই অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের চোটের পর বিশ্বনাথ ঘোষও ইনজুরির কবলে পড়েন। এছাড়া লিগামেন্টের গুরুতর চোটে পড়ে ডিফেন্ডার সাদ উদ্দিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
ব্যাকলাইনের এই ধাক্কা সামলে কোচ ডুলি কীভাবে একাদশ সাজান, সেটিই এখন দেখার বিষয়। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবং আক্রমণাত্মক খেলার ধারা বজায় রেখে পাকিস্তান বধের মিশন সফল করতে প্রস্তুত হামজা চৌধুরীর দল। এখন ৯০ মিনিটের লড়াইয়েই নির্ধারিত হবে কার মুখে ফুটবে ফাইনাল জয়ের হাসি।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: