• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার, ক্রীড়াঙ্গনে তোলপাড়!

প্রকাশিত: ১৬:৪০, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৮, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার, ক্রীড়াঙ্গনে তোলপাড়!

প্রতীকী ছবি

ক্রিকেটের স্বর্গভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠা ভারতেই নারী ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু! যা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। দেশটির তেলেঙ্গানা রাজ্যে নন্দিনী রাঠোর নামে অনূর্ধ্ব-১৯ দলের এক নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) ভিকারাবাদ শহরের মধু কলোনিতে পরিবারের বাসায় তার মরদেহ পাওয়া যায়।

পরিবারের অভিযোগ, স্থানীয় দুই তরুণের দীর্ঘদিনের উত্ত্যক্ত ও হয়রানির কারণে মানসিক চাপে ছিলেন নন্দিনী। তাদের দাবি, ওই হয়রানির সঙ্গে তার মৃত্যুর যোগসূত্র থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

রিপাবলিক ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নন্দিনী ইয়ালাল মণ্ডলের সাঙ্গাইয়াপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। পড়াশোনা ও ক্রিকেট প্রশিক্ষণের জন্য তিনি ভিকারাবাদের মধু কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন। স্থানীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতেন তিনি। সম্প্রতি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন এই তরুণী।

পরিবারের ভাষ্য, অনিল নামে স্থানীয় এক যুবক প্রেমের প্রস্তাবের অজুহাতে নন্দিনীকে অনুসরণ ও উত্ত্যক্ত করতেন। কৃষ্ণা নামে আরেক তরুণ তাকে সহায়তা করতেন বলে অভিযোগ পরিবারের। প্রায় তিন মাস ধরে এ ধরনের হয়রানি চলছিল বলে দাবি তাদের। এ নিয়ে দুই যুবককে সতর্কও করেছিলেন পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে, সতর্ক করার পরও নন্দিনীকে হুমকি দেওয়া হয়।

নন্দিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্য ও স্বজনেরা ভিকারাবাদে বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই তরুণকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিকারাবাদ সার্কেল ইন্সপেক্টর রঘু জানান, নন্দিনীর মরদেহ ময়নাতদন্তের জন্য ভিকারাবাদ এরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তার মোবাইল ফোনও জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নন্দিনী অনলাইনে হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও ব্যক্তিগত যোগাযোগের তথ্য পরীক্ষা করা হচ্ছে। ডিজিটাল পরীক্ষার ফলাফল এবং অন্যান্য আলামত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে পরিবারের অভিযোগের সঙ্গে নন্দিনীর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত