হাসান মাহমুদের বাজিমাতে টাইগার শিবিরে স্বস্তি
ছবি: সংগৃহীত
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট শিকার করে দারুণ শুরু পেয়েছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে বিশাল এক জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় নেয় দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ সেই জুটি ভেঙে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুমিনুল হক। এরপর দিন শেষের ঠিক আগে সেঞ্চুরিয়ান কলিন অ্যাকারম্যান ও ম্যাথু ব্রিটকিকে দ্রুত ফিরিয়ে প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন পেসার হাসান মাহমুদ।
শেষ বিকালে মাত্র ১১ রানের ব্যবধানে দুই উইকেট তুলে নেওয়ায় স্বস্তি নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এ দিন দ্বিতীয় দিন শেষে ৬২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা, আর তাদের হাতে বাকি রয়েছে ৬ উইকেট।
ম্যাচের প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। তাতেই সাফল্য তুলে নেন হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে দারুণ লেংথে করেছিলেন এই পেসার। এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। মাত্র ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরে গেলে ৫ রানেই ভাঙে প্রোটিয়াদের উদ্বোধনী জুটি।
এরপর পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে না পেরে সরাসরি প্যাডে আঘাত হানেন জোবায়ের হামজা। জোরালো আবেদন উঠলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। রিপ্লেতে নিশ্চিত লেগ বিফোর দেখা গেলেও ফ্রি-হিট বা নো বলের সুবাদে যাত্রায় বেঁচে যান হামজা।
এদিকে ইনিংসের ১৬তম ওভারে ফলো থ্রোতে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। হাত ফসকে বল এসে সরাসরি তার কপালে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই ওভার শেষ করেন এই পেসার। সামান্য বিরতির পর অবশ্য স্বস্তি নিয়েই মাঠে ফিরে নিজের দায়িত্ব চালিয়ে যান তিনি।
৫ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে জমে যান জোবায়ের হামজা ও কলিন অ্যাকারম্যান। দুজনে মিলে গড়েন বিশালাকার এক ডাবল সেঞ্চুরির জুটি। এর মধ্যেই দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের শতক তুলে নেন অ্যাকারম্যান। মাত্র ১২৫ বলে ১৪টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তিনি। অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হামজাও।
তবে তাকে ৮৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। টানা ৪০ ওভারেরও বেশি সময় ধরে উইকেটহীন ছিল বাংলাদেশ। একাধিক বোলিং পরিবর্তনেও যখন উইকেটের দেখা পাচ্ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তখন বল তুলে দেওয়া হয় মুমিনুলের হাতে। আস্থার প্রতিদান দিয়ে অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা ছুঁইয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে হামজাকে সাজঘরে ফেরান মুমিনুল।
সেঞ্চুরির পর দ্রুত রান তোলার তাড়ায় বিপদ ডেকে আনেন অ্যাকারম্যান। হাসান মাহমুদকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ বাউন্ডারির সামনে ধরা পড়েন এই ওপেনার। ১৬৪ বল খেলে ২১টি চার ও ১ ছক্কার সাহায্যে ১৫৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। এরপর পাঁচে নামা ম্যাথু ব্রিটকিকেও থিতু হতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে মাত্র ২ রান করতে সক্ষম হন ব্রিটকি। শেষ বিকেলে ১১ রানের ব্যবধানে আসা এই দুই উইকেট স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশ শিবিরে।
বিভি/একেএম/এআই













মন্তব্য করুন: