ইয়ান বোথামদের পাশে নাম লেখানো, কে এই আফগান তারকা?
১৫০ বছরের টেস্ট ইতিহাসে অনন্য এক কীর্তি গড়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন আফগানিস্তানের ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসির খান মারুফখিল। শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে ইনিংসে ৭টিসহ ম্যাচে মোট ৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন এই তরুণ। দীর্ঘ দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এর আগে অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট ও সেঞ্চুরির বিরল এই কীর্তি কেবল নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ব্রুস টেইলরের ঝুলিতে ছিল। ১৯৬৫ সালে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে ১০৫ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন টেইলর, যার পাশে এবার নিজের নাম লেখালেন মারুফখিল।
ম্যাচটিতে নানা রেকর্ডের জন্ম দিয়েছেন এই আফগান স্পিনার। ২০ বছর ২৮৭ দিন বয়সে খেলতে নেমে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট ও সেঞ্চুরির ডাবল ছোঁয়ার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এছাড়া টেস্ট অভিষেকে অন্তত ১০০ রান ও কমপক্ষে ৮ উইকেট পাওয়া দ্বিতীয় খেলোয়াড় তিনি, যার একমাত্র পূর্বসূরি ছিলেন ১৮৯৫ সালের অস্ট্রেলিয়ার আলবার্ট ট্রট। একই সঙ্গে মারুফখিলই টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার, যিনি অভিষেক ম্যাচে কমপক্ষে ৩০০ বল খেলার পাশাপাশি বল হাতে ৪৮৬ বল করার অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন। পাশাপাশি জ্যাক গ্রেগরি, ইয়ান বোথাম ও রবিচন্দ্রন অশ্বিনের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
শারজাহর উইকেটে জিম্বাবুয়ের দেওয়া ৪১৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। পঞ্চম দিনে ১৪৩ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে থাকা দলটির বাঁচার কোনো আশাই ছিল না। কিন্তু ১৬৭ রানে ষষ্ঠ উইকেট পতনের পর উইকেটে এসে লড়াই শুরু করেন মারুফখিল। সপ্তম উইকেটে আফসার জাজাইয়ের সঙ্গে ১১৪ রানের দারুণ এক জুটি গড়ে পরাজয় এড়ানোর প্রতিরোধ গড়েন তিনি। জাজাই ২০২ বলে ৮৭ রান করে আউট হলেও নিজের লড়াই চালিয়ে যান মারুফখিল।
নয় নম্বর ব্যাটসম্যান মোহাম্মাদ সালিমের সঙ্গে আরও একটি জুটি গড়ার পথে ১৪৪ বল খেলে ব্যক্তিগত ফিফটি পার করেন এই তরুণ। একপ্রান্তে অবিচল থেকে ব্যাট করতে থাকা মারুফখিলের সেঞ্চুরি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল যখন অপর প্রান্তে একে একে সতীর্থরা সাজঘরে ফিরছিলেন। সালিমের বিদায়ের পর নাসির খান মারুফখিল যখন ৯৯ রানে অপরাজিত, তখন এগারো নম্বর ব্যাটার জিয়াউর রেহমান ওভারের বাকি বলগুলো ঠেকিয়ে দেন। পরের ওভারের প্রথম বলেই দুই রান নিয়ে ঐতিহাসিক সেঞ্চুরির ঠিকানায় পৌঁছে যান মারুফখিল। এরপর শূন্যে লাফিয়ে, ব্যাট উঁচিয়ে ও হেলমেট খুলে নিজের উল্লাস প্রকাশ করেন তিনি।
শেষ পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে ৩১৬ বল খেলে ১২১ রান করেন মারুফখিল, যার মধ্যে শেষ ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৪২ বলে অপরাজিত ১০১ রানের দারুণ এক ইনিংস। কিন্তু শেষ দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২০ বল বাকি থাকতে শেষ উইকেটটি হারিয়ে ৩৬০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ফলে ৫৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি জিততে না পারলেও মারুফখিলের ব্যাট থেকে আসা এই ঐতিহাসিক সেঞ্চুরি ও বল হাতে ৯ উইকেটের মহাকাব্যিক পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত অর্জন হয়ে থাকবে।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: