• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ফুটবলে কোচ ডুলির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা!

প্রকাশিত: ২২:৫২, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশ ফুটবলে কোচ ডুলির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা!

আসিয়ান কাপে তিন ম্যাচেই হার, যার শেষটিতে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে চার দশক পর ৯ গোল হজম, এরপর সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের মাটিতে সেমিফাইনাল থেকে বিদায়। ধারাবাহিক ব্যর্থতার জেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলির বিদায়ের গুঞ্জন চললেও আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন কোচ ডুলিও। সাফ ব্যর্থতা নিয়ে কমিটির সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। ডুলি চলে যাওয়ার পর কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আরও প্রায় আধা ঘণ্টা আলোচনা করেন। জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবে সভায় থাকলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমের সামনে আসেননি। তার বদলে মিডিয়া কমিটির চেয়ারম্যান ও কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ডুলির ভবিষ্যৎ প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু জানান, সাফের পর কোচ ইস্যুতেই মূলত আজ আলোচনা হয়েছে। কয়েক দিন পর তারা আবার বৈঠকে বসবেন এবং প্রয়োজনে বিষয়টি নির্বাহী কমিটিতেও তোলা হতে পারে। ডুলি দায়িত্বে থাকবেন নাকি বাদ পড়বেন; সাংবাদিকদের এমন সরাসরি প্রশ্নে বাবু বলেন, আজ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি; যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা ফুটবলের বৃহত্তর স্বার্থে, ফুটবলার ও দেশের স্বার্থেই নেওয়া হবে।

আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার পাশাপাশি ২১ বছর পর ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হেরে সেই স্বপ্ন থেমে যায়। আজকের সভায় ডুলির ব্যাখ্যায় ফেডারেশন সন্তুষ্ট কি না, সে বিষয়েও কিছু জানাননি মিডিয়া কমিটির চেয়ারম্যান।

এর আগে আসিয়ান কাপে দলের ব্যর্থতার চেয়েও বেশি আলোচনায় ছিল দুই ফুটবলারের নাইটক্লাব-কাণ্ড। সাদ উদ্দিন ও সোহেল রানার ওই ঘটনার তদন্তের দায়িত্ব তখন নিজেই নিয়েছিলেন বাফুফে সভাপতি এবং পরবর্তী সভায় জানানোর কথা ছিল, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি। এ বিষয়টি পরবর্তী সভায় আলোচনায় রাখাকে ডুলির ওপর ক্ষোভ প্রশমনের কৌশল মনে করা হচ্ছে কি না; এমন প্রশ্নের জবাবে বাবু বলেন, সামনেই সব দেখা যাবে।

এদিকে, গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বড় চোটে পড়েন সাদ উদ্দিন। জানা গেছে, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য ভারতে যাবেন এই ফুটবলার, যার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাফুফে।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: