• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:৩৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৬, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেললেও বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার রিপন মন্ডল, এরপর দ্রুতই আরেক ওপেনার ইমরান মীরকেও প্যাভিলিয়নের পথ দেখান তিনি।

তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আফগানিস্তান। তবে দলীয় ৬৬ রানে আব্দুল রসুলকে আউট করে সেই জুটি ভাঙেন পেসার ইকবাল হোসেন ইমন। শুরুর দুই উইকেটের পর দ্বিতীয় স্পেলে ফিরে আবারও আফগান ব্যাটারদের বিপাকে ফেলেন রিপন; দলীয় ৮৭ রানে তার বলে ফয়সাল খান আউট হলে আরও চাপে পড়ে সফরকারীরা।

পেসারদের সাফল্যের পর আক্রমণে এসে মুন্সিয়ানা দেখান স্পিনাররাও। দলীয় ১০৮ রানে পঞ্চম উইকেট তুলে নেন স্পিনার রাকিবুল হাসান। এরপর বোলিংয়ে এসে জোড়া শিকার করে আফগানদের ঘুরে দাঁড়ানোর আশা একাই শেষ করে দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শেষদিকে ইমনের এক উইকেট ও মোহাম্মদ রুবেলের জোড়া শিকারে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল; সাইফ হাসান, ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ রুবেল পান ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৩ বল খেলে শূন্য রানে বাউন্ডারি লাইনে দুরন্ত ক্যাচে আউট হন অধিনায়ক সাইফ হাসান। এরপর দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়ে দলকে সামলান ইয়াসির আলী ও পারভেজ হোসেন ইমন। ব্যক্তিগত ৩৩ রানে ইমন ফিরলে এই জুটির পতন ঘটে।

ইমনের বিদায়ের পরপরই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। ৮৬ রানে ২ উইকেট থেকে দেখতে দেখতে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। এমন কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞ সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ভর করে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় দল। ষষ্ঠ উইকেটে দুজন মিলে যোগ করেন মূল্যবান ৪৯ রান।

ব্যক্তিগত ২৮ রানে সাব্বির আউট হয়ে গেলে ভাঙলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অলরাউন্ডার সাইফউদ্দিন। তবে ম্যাচের শেষদিকে ফের নাটকীয় মোড় নেয়; টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ এবং ম্যাচে ফেরার আশা জাগায় আফগানিস্তান। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে স্নায়ুক্ষয়ী ১ উইকেটের জয় নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ ‘এ’ দল।

বিভি/এসকে/পিএইচ

মন্তব্য করুন: