• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দীপুর সেঞ্চুরিতেও লাভ হলো না, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ০০:২৫, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দীপুর সেঞ্চুরিতেও লাভ হলো না, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত শতরানের পরও এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। মাত্র ২১ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে চার বলের ব্যবধানে মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে সাজঘরে ফেরান তিনি।

তবে দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে নেয় পাকিস্তান। তৃতীয় উইকেটে হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যায়। হাসান নেওয়াজ ৬২ রান করে মোহাম্মদ রুবেলের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। এরপর শাহজাইবও ৫০ রান করে রাকিবুল হাসানের শিকার হন।

তবে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলেছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ হয়ে আসে জয়ের সমীকরণ। সামাদ ৪৪ এবং ইউসাফ ৪৬ রান করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের আলী রাজার জোড়া আঘাতে সাজঘরে ফেরেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। সাইফ ২ এবং জয় করেন ৯ রান।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন শাহাদাত হোসেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। অঙ্কন ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরের ওভারেই আরও দুই উইকেট হারিয়ে ১১০ রান থেকে ১১৮ রানেই পাঁচ ব্যাটারকে হারায় দলটি।

এ অবস্থায় এসএম মেহরবকে নিয়ে প্রতিরোধ গড়েন শাহাদাত। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৫২ রান। তবে এরপর আবারও ছন্দপতন হয় বাংলাদেশের ইনিংসে। মাত্র ২২ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় দলটি। মেহরব ও মোহাম্মদ রুবেলকে ফিরিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান হাসান নেওয়াজ। রাকিবুল হাসানও ১০ রান করে আহমেদ দানিয়ালের বলে আউট হন।

এক প্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব পালন করেন শাহাদাত। তার ব্যাটিংয়ে ১৯২ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পায়।

ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে ছিলেন শাহাদাত। প্রথম দুই বলে এক রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা হাঁকান রিপন মন্ডল। পরের বলে লেগ বাই থেকে এক রান নিয়ে শাহাদাতকে আবার স্ট্রাইকে পাঠান তিনি। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে শতক পূর্ণ করেন ২৪ বছর বয়সি এই ব্যাটার।

১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন শাহাদাত। অন্য প্রান্তে রিপন মন্ডল অপরাজিত ছিলেন ১৯ রানে। তাদের ব্যাটে ভর করে ২৩২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

কিন্তু দীপুর অসাধারণ ইনিংসের পরও বোলিংয়ে সেই লড়াই ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফলে সেমিফাইনাল থেকেই শেষ হলো তাদের এশিয়া কাপ রাইজিং স্টারস অভিযান। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত