মাঠে নয়, চলন্ত বাইকে বসেই এক হাতে অবিশ্বাস্য ক্যাচ!
ক্রিকেট মাঠে ব্যাটারের দুর্দান্ত ছক্কা, বল উড়ে গেল সীমানার বাইরে। কিন্তু সেই বল ধরতে কোনো ফিল্ডারকে ছুটতে হলো না। বরং চলন্ত বাইকে বসেই এক হাতে ক্যাচ লুফে নিলেন এক তরুণ। চোখের পলকে ঘটে যাওয়া এমন দৃশ্য দেখে হতবাক মাঠের খেলোয়াড় থেকে শুরু করে দর্শক—সামাজিক যোগাযোগমাধ্যমেও যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
পাকিস্তানের মিঙ্গোরা শহরে চলছিলো সোয়াত প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচ। মাঠের পাশের রাস্তা দিয়ে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন মেহরান খান নামের এক তরুণ। ঠিক সেই সময় ব্যাটারের জোরালো শটে বল উড়ে যায় মাঠের বাইরে। হঠাৎ দেখে বলের গতিপথ বুঝেই হাত বাড়িয়ে দেন বাইকের পেছনে বসে থাকা যুবক মেহরান। চালক বন্ধুকে মাথা নিচু করতে সতর্ক করার পর চলন্ত বাইকেই এক হাতে লুফে নেন অবিশ্বাস্য ক্যাচ! যা দেখে মনে হবে কোনো সিনেমার শুটিং বা সাজানো ভিডিওর দৃশ্য।
নিজেকে ক্রিকেটভক্ত দাবি করা মেহরান জানিয়েছেন, তিনি নিজেও ক্রিকেট খেলেন। সেদিন কাজ শেষে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। মাঠে পরিচিত ব্যাটারকে দেখে বলের গতিপথ অনুসরণ করছিলেন তিনি। আর সেই মুহূর্তের সিদ্ধান্তই এনে দেয় এমন অবিশ্বাস্য ক্যাচ।
ঘটনার পরপরই মেহরানের জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেন আয়োজকেরা। জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হবে এই অর্থ। ক্যাচটি নিয়ে বল নিজের কাছে রেখে দেওয়ার গুঞ্জন উঠলেও মেহরান জানিয়েছেন, বলটি তিনি আয়োজকদের ফিরিয়ে দিয়েছেন।
‘দোহাগেমস’ নামের একটি এক্স একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মেহরান। অনেকের কাছেই এটি কেবল একটি ক্যাচ নয়, বরং উপস্থিত বুদ্ধি আর অবিশ্বাস্য ক্ষিপ্রতার অনন্য উদাহরণ। তবে এমন ক্যাচ যতই বিস্ময়কর হোক, চলন্ত মোটরসাইকেলে এ ধরনের ঝুঁকিপূর্ণ কসরত যে প্রাণঘাতী হতে পারে, সেই সতর্কতাও ভুলে যাওয়ার সুযোগ নেই।
বিভি/এসজি













মন্তব্য করুন: