টেস্ট থেকে কবে অবসর নিবেন, জানিয়ে দিলেন মুশফিক
মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে এই সিরিজকেই বেছে নিয়েছেন মুশফিক।
২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারের শেষটাও হতে যাচ্ছে সেই ইংল্যান্ডের বিপক্ষেই।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ রানের মালিকও মুশফিক। এখন পর্যন্ত ১০৮টি টেস্টে ১৯৯ ইনিংসে ব্যাট করে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: